প্রতিবেদন: কাজ করছেন নিয়মিত, কিন্তু মিলছে না বেতন! তাও হয়ে গেল ২ মাস। পুজোর মুখে চরম আর্থিক সঙ্কটে কলকাতা পুরসভার কয়েক হাজার ঠিকাকর্মী। তাদের বেতন দিতে পারছে না পুর কর্তৃপক্ষ। কবে হবে, কেউ জানে না। প্রশাসক বসানো কলকাতা পুরসভার এটাই এখন হাঁড়ির হাল। জানা গিয়েছে এরা মূলত একশো দিনের।কাজ প্রকল্পের কর্মী। তাদের সংখ্যা ১৫ হাজারের কাছাকাছি।দৈনিক ৬ ঘণ্টা পরিশ্রম করে দৈনিক জোটে ২০২ টাকা! সেটাও এখন মিলছে না। সামনে পুজো। সবমিলিয়ে চরম সঙ্কটে ওই কর্মী ও তাদের পরিবার। এই পুরকর্মীরা মূলত, সাফাইয়ের কাজ, উদ্যানের সৌন্দর্যায়ন ও দেখভাল, নিকাশি ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, পুকুর পরিস্কার, রাস্তা ঝাঁট দেওয়া, পুর স্বাস্থ্যকেন্দ্রে বিভিন্ন পরিষেবা দেওয়ার কাজে নিযুক্ত। প্রায় দু’মাস বেতন ছাড়াই কাজ করছেন এবং কলকাতা পুরসভার অচলাবস্থার মাশুল গুনছেন তারা। পুজোর আগে বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি তাদের। বেতন আসুক, দাবি করছেন তাঁরা। পুরসভার একশো দিনের কাজ প্রকল্পের বিভাগীয় কর্তাদের দাবি, পুরসভার সার্ভারে সাইবার হানার জেরে সমস্যা তৈরি হয়েছে। তা অবশ্য মানতে নারাজ কর্মীরা। পালা বদলের পর থেকে কার্যত অচল হয়ে পড়েছে কলকাতা পুরসভা। শিকেয় উঠেছে পরিষেবা। কবে অবস্থা স্বাভাবিক হবে কেউ জানে না।

Be the first to comment