রোজদিন ডেস্ক :
কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এবার সোচ্চার হোল ককরোচ জনতা পার্টি। ৪৮ ঘণ্টার মধ্যে তিনি ইস্তফা না দিলে তাঁরা দেশব্যাপী ফের বড় মাপের আন্দোলনে নামবেন বলে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আজ কড়া হুঁশিয়ারি দেন। জ্ঞানেশ কুমারের ইস্তফা ছাড়া তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু এবং কে বা কার নির্দেশে তিনি কাজ করেছিলেন তাও প্রকাশ্যে আনার দাবি করেন তিনি।
আর ও বলেন, সামনে যে সব নির্বাচন আসছে তা স্থগিত রাখতে হবে। বন্ধ করতে হবে এস আই আর প্রক্রিয়া। গত ২০২৫ সালের ভোটার তালিকা ফেরাতে হবে৷ এসআইআর এর সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া খতিয়ে দেখতে নিরপেক্ষ কমিটি গঠনেরও দাবি করেন অভিজিৎ দীপকে।
এসআইআর সংক্রান্ত সব নথি শীর্ষ আদালতে সংরক্ষণের জন্যও তিনি দাবি জানান। সাংবাদিক বৈঠকে তাঁর সঙ্গে সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা প্রমুখ নেতাও ছিলেন৷
সিজেপি ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ আইন বাতিলেরও দাবি করেছে। এই নিয়ে নতুন আইন প্রণয়নের দাবি করেন তাঁরা। এবং সেখানে নাগরিক সমাজের অংশগ্রহণ সুনিশ্চিত করার দাবি করেন৷
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সব থেকে বড় দেশদ্রোহী বলে তোপ দাগেন সিজেপি নেতা৷ বলেন, ওঁর এখনই পদত্যাগ করা উচিত। দেশের গণতন্ত্রের পক্ষে তাঁকে সব থেকে বিপজ্জনক বলে মন্তব্য করেন।
৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়ে অভিজিৎ দীপকে বলেন, এর মধ্যে উনি পদত্যাগ না করলে তাঁরা দেশ ব্যাপী প্রতিবাদ আন্দোলন করবেন৷
উল্লেখ্য, দুই সহকর্মীকে অন্ধকারে রেখে জ্ঞানেশ কুমার নিজে বহু সিদ্ধান্ত নিয়েছেন বলে গতকাল এক ইংরেজি দৈনিকে বিস্ফোরক খবর প্রকাশিত হয়। এর জেরে দেশব্যাপী তোলপাড় উঠেছে।

Be the first to comment