প্রতিবেদন: পুজোর পর্ব মিটতেই ফের জেলা সফর শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ শুক্রবার জঙ্গলমহল দিয়ে শুরু হচ্ছে তাঁর জেলা সফর। সেখানে রয়েছে প্রশাসনিক বৈঠক। এরপর আগামীকাল শনিবার দক্ষিণ ২৪ পরগনা সফর, সেখানেও থাকছে প্রশাসনিক বৈঠক। এই বৈঠক ছাড়াও টানা দু’দিন রাজ্যের দুই প্রান্তে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। জেলা প্রশাসন সূত্রে খবর, শুক্রবার মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম জেলার জামবনী ব্লকের কালাঝড়িয়ার শবর গ্রামে যাবেন। জঙ্গল মহলের পিছিয়ে পড়া লোধা ও শবর জনগোষ্ঠীর মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের জীবনযাত্রা, অভাব, অভিযোগ এবং দৈনন্দিন সমস্যার খোঁজ নেবেন। সরকারি প্রকল্পের সুবিধা কতটা পৌঁছেছে, তাও খতিয়ে দেখবেন। পাশাপাশি প্রান্তিক বাসিন্দাদের হাতে খাদ্যসামগ্রীও তুলে দেওয়ার কথা রয়েছে তাঁর। কর্মসূচি শেষ করে এদিনই কলকাতায় ফিরবেন তিনি।
এর পর শনিবার তাঁর গন্তব্য দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ। সেখানে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি। সুন্দরবনের উপকূলবর্তী এলাকার উন্নয়ন, নাগরিক পরিকাঠামো, সরকারি পরিষেবার বিস্তার এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। সরকারি পরিষেবা আরও দ্রুত পৌঁছে দেওয়া নিয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হবে।

Be the first to comment