রোজদিন ডেস্ক :
জনপ্রিয় টিভি ধারাবাহিক সিআইডি, আহাট এর স্রষ্টা পরিচালক, প্রযোজক বি পি সিংহর জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল ৭৭। আজ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ফেলেন। জনপ্রিয় ধারাবাহিক স্রষ্টার প্রয়াণে বলিউডে শোকের ছায়া নেমেছে।
সমাজ মাধ্যমে পরিচালক অশোক পন্ডিত তাঁর প্রয়াণের খবর জানিয়ে বলেন, বি পি সিংহের কাজ আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। তাঁকে প্রিয় বন্ধু, অসাধারণ মানুষ বলেও জানান তিনি।
বি পি সিংহর জন্ম দেহরাদুনে। জনপ্রিয় ধারাবাহিক সিআইডি-তে মাঝে মধ্যে পদস্থ পুলিশ আধিকারিক শমসের সিং চিত্রোলের ভূমিকায় দক্ষতার সঙ্গে অভিনয়ও করেছেন তিনি। বিনোদন দুনিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। অপরাধ, ভৌতিক জগতকে টিভি-র পর্দায় দক্ষতার সঙ্গে তুলে ধরেছিলেন তিনি। খাকি, অভয়, সুপার কপস ভার্সেস সুপার ভিলেনস ইত্যাদিও তাঁরই সৃষ্টি।
আগামীকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।

Be the first to comment