রোজদিন ডেস্ক :
রাজ্যে আজ একই দিনে জোড়া এনকাউন্টার! গাইঘাটায় কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগে ধৃত প্রহ্লাদ দাস আজ কাকভোরে পুলিশের সঙ্গে এনকাউন্টারে প্রাণ হারানোর রেশ না মিলতেই মুর্শিদাবাদের ধূলিয়ানে একই ভাবে প্রাণ হারালেন সামাউন শেখ। সামশেরগঞ্জে বিজেপি সমর্থক সুজিত মন্ডলকে হত্যার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল।
আজ তাঁকে নিয়ে পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করতে যায়। সামশেরগঞ্জের পুরাতন ডাক বাংলো এলাকায় তাঁকে নিয়ে যায় পুলিশ। সুজিত মন্ডলকে ওখানেই খুন করা হয়েছিল বলে অভিযোগ।
পুলিশের, দাবি, ওখানে আচমকা এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করেন সামাউন শেখ। তিন রাউন্ড গুলিও চালান। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে তিনি গুরুতর জখম হন।।জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজ্যে পালাবদলের পর এই নিয়ে তিনজন পুলিশের সঙ্গে এনকাউন্টারে (!) প্রাণ হারালেন।
সুজিত মন্ডলের হত্যার তদন্ত করছিল সিআইডি। উৎসবের মরসুমে আজ এক দিনে দুই জেলায় দুটি এনকাউন্টারে মৃত্যুর ঘটনায় বিভিন্ন মহল উদ্বিগ্ন, বিস্মিত।
গত ২৮ আগস্ট সুজিত মন্ডল নিখোঁজ হয়ে যান।পরে তাঁর খন্ড, বিখন্ড দেহ মেলে। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
জানিয়েছিলেন, নৃশংস ভাবে সুজিত মন্ডলকে খুন করা হয়েছে। দোষীরা কেউ পার পাবে না।
এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সামাউন শেখ, তাজকিরা বিবি ও জনি শেখকে পুলিশ গ্রেফতার করে।আজ দুপুরে সামাউন শেখকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করার দলে দুই ইন্সপেক্টর অক্ষয় পাল, খালেকুজ্জামান সহ অন্যরা ছিলেন। এই সময় অভিযুক্তর সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি হয় বলে অভিযোগ। পুলিশের ছোঁড়া তিনটি গুলিতে তিনি প্রাণ হারান।

Be the first to comment