রোজদিন ডেস্ক :
রাজ্যে নতুন নিয়োজিত শিক্ষকরা প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়ে দেন। নবান্নে তিনি বলেন, অন্য রাজ্যে শিক্ষকরা প্রত্যক্ষ রাজনীতি করতে পারেন না, এখানেও যাঁরা নতুন নিয়োজিত হবেন, তাঁরা আর প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না।
এর ফলে শিক্ষকরা পুরসভা, পঞ্চায়েত ইত্যাদি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে ইঙ্গিত মেলে।
যা নিয়ে বিভিন্ন শিক্ষক সংগঠন ক্ষুব্ধ, বিস্মিত।
মুখ্যমন্ত্রী পরিস্কার বলেন, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় এটি অন্তর্ভুক্ত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে প্রকাশ।
সূত্রের খবর, সরকারি বিদ্যালয়গুলির শিক্ষক, শিক্ষিকাদের ক্ষেত্রে আগেও এই নীতি বলবৎ ছিল। কিন্তু সরকার পোষিত, সহায়তাপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাদের ক্ষেত্রে তা ছিল না। ফলে দীর্ঘদিন ধরেই রাজ্যে বিধানসভা, পুরসভা, পঞ্চায়েত ইত্যাদি নির্বাচনে শিক্ষক, শিক্ষিকারা প্রার্থী হয়ে নির্বাচিতও হয়ে এসেছেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, গত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দফতরে ৪৫ হাজার পদ তৈরির সিদ্ধান্ত হয়েছিল, এবার ১২০০টি নতুন পদ তৈরির সিদ্ধান্ত হোল।
বিজ্ঞপ্তি দিয়ে ফর্ম পুরণ করে পরীক্ষার মাধ্যমে এই সব পদে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
এর আগেই তিনি জানিয়েছিলেন, রাজ্যে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ সহ সব পদ পূরণ করা হবে।

Be the first to comment