KMC ELECTION: ডিলিমিটেশন মামলার নিষ্পত্তির পরই পুরভোটের বিজ্ঞপ্তি, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

Spread the love

প্রতিবেদন: শুক্রবারের পর কার্যত অনিশ্চিত হয়ে গেল কলকাতা পুরসভার নির্বাচন। কেএমসির নির্বাচনী বিজ্ঞপ্তি জারির ওপর এদিন অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কলকাতা পুরসভার নতুন করে হওয়া ডিলিমিটেশন নিয়ে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরসভার নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার ডিলিমিটেশন সংক্রান্ত মামলায় এমনই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ। যদিও এর আগেই বৃহস্পতিবার কমিশনের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্দিষ্ট সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং পরিবর্তিত দিন পরে জানানো হবে। যদিও কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে তালিকা প্রকাশ পিছানোর জন্য কোনও নির্দিষ্ট কারণ দেখানো হয়নি। কলকাতা পুরসভার সাম্প্রতিক ডিলিমিটেশন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে মামলাটি বিচারাধীন। শুক্রবার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল ডিলিমিটেশন প্রক্রিয়া সঠিকভাবে হয়েছে কিনা, সেটা সিঙ্গল বেঞ্চ খতিয়ে দেখে সিদ্ধান্ত জানাবে, তার পরই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে পারে রাজ্য নির্বাচন কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*