রোজদিন ডেস্ক: ২০০৭ সালের ১০ নভেম্বর নন্দীগ্রামের সেই ভয়াবহ ঘটনার পর থেকে এইদিনটিতে ন্দীগ্রামের শহিদদের শ্রদ্ধা জানিয়ে স্মরণ করে আসছে তৃণমূল কংগ্রেস। ২০০৭ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নন্দীগ্রাম আন্দোলন হয়েছিল। সেদিন তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে ১৪ জন নিরীহ মানুষ, কৃষক ও তাঁদের পরিবারের সদস্যরা নিহত হয়েছিলেন এবং শতাধিক নিরীহ গ্রামবাসী আহত হয়েছিলেন। এই দিনটিকে মঙ্গলবার স্মরণ করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাল তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করে লিখলেন, সিপিআইএমের হার্মাদ বাহিনীর নির্মম অত্যাচারের ফলে নিহত শহিদদের স্মৃতির উদ্দেশ্যে জানাই অন্তরের গভীর শ্রদ্ধাঞ্জলি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট ছড়িয়ে পড়তেই তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কারণ পরিবর্তিত পরিস্থিতিতে সরকার হারিয়ে তিনি এখন ইন্ডিয়া জোটের শরিক। জোটে তাঁর সেই আগের দাপট আর নেই। এখন নেহাতই কংগ্রেসকে ধরে রাজনীতির ময়দানে ভেসে থাকার চেষ্টা করছেন তিনি। এই জোটে।এখন তাঁকে এখন রাজনৈতিক বাধ্যবাধকতায় সিপিএমের সঙ্গেও বসতে হচ্ছে। দিল্লিতে ইন্ডিয়া জোটের মঞ্চে মমতার সঙ্গে সিপিএমের এম এ বেবির পারস্পরিক রসায়ন কারও চোখ এড়ায়নি। যে সিপিএমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাঁর রাজনৈতিক উত্থান এখন দিল্লিতে তাদের সঙ্গে তাকে একাসনে বসতে হচ্ছে। আবার বাংলার রাজনীতির বাধ্যবাধকতায় তিনি সিপিএমকে হার্মাদ বলতেও ছাড়ছেন না। এই দ্বিচারিতা আজ সকলেরই চোখে পড়ছে।
এদিকে নন্দীগ্রাম দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তার বক্তব্যে মমতাকে নিশানা করার পাশাপাশি সিপিএমকেও তীব্র আক্রমণ করেন। নন্দীগ্রামের জনতাকে উদ্দেশে তিনি বলেন, তিনি আগেও তাঁদের পাশে ছিলেন, এখনও আছেন। কিন্তু ভবিষ্যতে তৃণমূলকে তাঁরা পাশে পাবেন না। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকার সময় নন্দীগ্রামের শহিদ পরিবারগুলি যথাযথ সরকারি স্বীকৃতি পায়নি। এমনকি অনেকের মৃত্যুর শংসাপত্র পর্যন্ত দেওয়া হয়নি। শহিদ পরিবারগুলিকে তৃণমূল সরকার দিনের পর দিন অবহেলা ও অবজ্ঞা করেছে। নন্দীগ্রামের গোকুলনগরের সভায় মুখ্যমন্ত্রী বলেন, জমি আন্দোলনে তৃণমূলের কোনও ভূমিকাই ছিল না। লড়াইটা ছিল নন্দীগ্রামের মানুষের সঙ্গে প্রাক্তন বাম সরকারের। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ১৯ বছর আগের ওই ঘটনার এখনও বিচার হয়নি। মোট ১১ জনকে কেটে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল।

Be the first to comment