রোজদিন ডেস্ক : পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন শ্রেণির চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক সাম্মানিক বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অর্থ দপ্তরের অনুমোদনের পর ১৩ নভেম্বর এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কর্মীদের বর্তমান মাসিক সাম্মানিকের ভিত্তিতে ধাপে ধাপে বৃদ্ধি করা হবে। ১ নভেম্বর ২০২৬ থেকে এই বর্ধিত সাম্মানিক কার্যকর হবে। নির্দেশিকা অনুযায়ী, যাঁদের বর্তমান মাসিক সাম্মানিক ২৫ হাজার টাকা পর্যন্ত, তাঁদের মাসে অতিরিক্ত ৫ হাজার টাকা দেওয়া হবে। ২৫ হাজার টাকার বেশি থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত সাম্মানিকপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে মাসিক ৭ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। আর যাঁদের বর্তমান সাম্মানিক ৪৫ হাজার টাকার বেশি, তাঁদের মাসিক ১০ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বৃদ্ধি সব চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থ দপ্তরের নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, যাঁরা ইতিমধ্যেই পৃথক সরকারি নির্দেশে বর্ধিত সাম্মানিক পাচ্ছেন, তথ্যপ্রযুক্তি দপ্তরের নির্দিষ্ট নীতির আওতাভুক্ত কর্মী, কমিউনিটি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভের কর্মী, ব্লক-স্তরের অ্যাকাউন্টস ও অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, চুক্তিভিত্তিক সহকারী বাস্তুকার, জুনিয়র ইঞ্জিনিয়ার ও সহকারী ইঞ্জিনিয়ার এবং গত দু’বছরে এককালীন সাম্মানিক বৃদ্ধি পাওয়া কর্মীরা এর আওতায় পড়বেন না। অর্থ দপ্তর জানিয়েছে, ভবিষ্যতে এই সাম্মানিক পুনর্বিবেচনার ক্ষেত্রে অর্থ দপ্তরের সম্মতি ছাড়া আর কোনও বৃদ্ধি করা যাবে না। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীন কর্মরত বিপুল সংখ্যক চুক্তিভিত্তিক কর্মী এই সিদ্ধান্তে উপকৃত হবেন বলে প্রশাসনিক মহলের ধারণা।

Be the first to comment