রোজদিন ডেস্ক :
তিনি দেশে ফিরতে চাইলে বন্দি হিসাবেই আসতে হবে বলে পরিস্কার জানিয়ে দিলো বাংলাদেশ সরকার। আগামী ১৬ ডিসেম্বর ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) দেশে ফিরতে চান বলে খবর ছড়িয়েছে।।
এরপরই বাংলাদেশের বিএনপি নেতৃত্বাধীন সরকার বিবৃতি দিয়ে এই কথা জানিয়ে দেয়। বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর কড়া বার্তা দিয়ে বলেন, দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়, ওঁকে দেশে ফিরতে হলে হাতকড়া পরে বন্দি হিসাবেই আসতে হবে।
সূত্রের খবর, শেখ হাসিনার ফেরা নিয়ে নির্দিষ্ট দিনের খবর পেয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রক আজ ঢাকায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে।
সেখানে ভারত সহ চিন, ব্রিটেন, আমেরিকা, জাপান ইত্যাদি ৬০ টি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। ওই দেশের সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে এই বৈঠক হয় বলে প্রকাশ। বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর সেখানে আওয়ামী লীগ নিয়ে দেশবাসীর কঠোর অবস্থানের কথা জানিয়ে দেন৷৷
অন্য সূত্রে আরও প্রকাশ, শেখ হাসিনা বাংলাদেশের সরকারি বিমান সংস্থার উড়ানে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন। এই ইচ্ছাকে হাস্যকর বলে তীব্র কটাক্ষ করেছেন ওই দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মুখ্য সরকারি আইনজীবী। তাঁর কথায়, একজন পলাতক আসামীর এইভাবে দেশের সরকারি বিমানে ফেরার ইচ্ছা প্রকাশের ঘটনা পৃথিবীতে বিরল।
অন্যদিকে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা, সরকারের তীব্র প্রতিক্রিয়া ইত্যাদির প্রেক্ষিতে ওই দেশের পরিস্থিতি ক্রমেই তপ্ত হয়ে উঠেছে।
আজও গোপালগঞ্জে মিছিল, সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়। ভারত সরকারও এই সব নিয়ে উদ্বিগ্ন।
বাংলাদেশের অপর মন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ হুঁশিয়ারি দিয়ে তাঁদের অবস্থান স্পষ্ট করেন। বলেন, তাঁরা আগেও বলেছেন, আজ ও বলছেন, দন্ডপ্রাপ্ত আসামী হিসাবেই তাঁদের (পড়ুন শেখ হাসিনা) আসতে হবে, সঙ্গে সঙ্গে গ্রেফতার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এখানে বিমান, হেলিকপ্টার, বাস, গাড়ি, রিকশা পাঠানোর কোন কথাই কারও সঙ্গে বাংলাদেশ সরকারের হয়নি।

Be the first to comment