পঞ্চমীর বিকেলে কলকাতার লেদার কমপ্লেস থানার অন্তর্গত তারদহ এলাকা থেকে উদ্ধার হয়েছে এক তরুণীর দেহ। পুলিশ জানিয়েছে, তরুণীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাদের প্রাথমিক অনুমান শ্বাসরধ করে খুন করা হয়েছে ওই তরুণীকে।
পুলিশ জানিয়েছে, একটি ঝোপের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে বছর আঠেরোর এক তরুণীর দেহ। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, তরুণী তারদহ এলাকার বাসিন্দা নন। আশেপাশের সব থানায় তরুণীর পরিচয় জানার জন্য খোঁজ শুরু করেছে পুলিশ।
পুলিশের অনুমান, অন্য কোনও জায়গায় শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই তরুণীকে। তারপর মৃতদেহ তারদহ এলাকায় ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে তবেই বোঝা যাবে খুনের আগে মেয়েটির উপর কোনও শারীরিক নির্যাতন করা হয়েছিল কিনা। এমনটাই জানিয়েছে পুলিশ।
এ ছাড়াও পুলিশ জানিয়েছে মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি ব্যাগ। তবে সেই ব্যাগের ভিতরে কিছুই ছিল না বলে জানিয়েছে পুলিশ। এমনকী ব্যাগটি কার সে বিষয়েও কিছু জানতে পারেনি পুলিশ।

Be the first to comment