আংশিক মুখ্যমন্ত্রীত্ব আর কতদিন!! মনোহর পারিক্করের বিরুদ্ধে এভাবেই স্লোগান তুলে বিক্ষোভ মিছিল গোয়াতে। মঙ্গলবার সন্ধ্যায় পারিক্করের বাংলোর বাইরে শতাধিক মানুষ জমায়েত হন। প্ল্যাকার্ড হাতে কয়েক ঘণ্টা চলে বিক্ষোভ। ৪৮ ঘণ্টার মধ্যে পারিকরকে পদত্যাগের দাবি তুলে বিক্ষোভ চলে রাত পর্যন্ত।
অগ্ন্যাশয়ে ক্যানসার নিয়ে পারিকর এখনও শয্যাশায়ী। যার জেরে গত ৯ মাস ধরে গোয়ার প্রশাসনিক কাজ কার্যত অচল হয়ে পড়েছে বলে অভিযোগ।এদিন কংগ্রেসের ডাকা বিক্ষোভ মিছিলে যোগ দেয় এনসপি, শিবসেনা সহ অন্যান্য অ-বিজেপি দলগুলি।যারা প্রত্যেকে মনোহর পারিক্করের আংশিক মুখ্যমন্ত্রীত্বের বিরোধিতা করে তাঁর পদত্যাগ দাবি করেন।
বিক্ষোভকারীদের কয়েকজন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করতে চান। পারিকর রাজি না হওয়ায় বিক্ষোভের তীব্রতা বাড়ে। পদত্যাগের দাবি জোরদার হয়। অভিযোগ, দীর্ঘদিন গোয়ার অবস্থা বেহাল। অসুস্থ মুখ্যমন্ত্রী গোয়ার কথা ভাবছেন না বলেই এতটা অচল হয়ে পড়ছে গোয়া। স্থানীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসার প্রয়োজনীয়তাও মনে করছেন না তিনি।
কংগ্রেসের এক বিধায়কের দাবি, ‘আমরা অনেকদিন ধরে মুখ্যমন্ত্রীকে বৈঠক ডাকার কথা বলছি, উনি গুরুত্ব দিচ্ছেন না। এইভাবে আর কতদিন চলবে। আমরা ফুল-টাইম মুখ্যমন্ত্রী চাই।’ ৬২ বছরের মনোহর পারিক্কর ১৪ অক্টোবর দিল্লির এইমস থেকে চিকিৎসা করে গোয়ায় ফেরেন। তারপর থেকেই কার্যত শয্যাশায়ী তিনি। মঙ্গলবার বেশ কয়েকজন কংগ্রেস নেতা পারিক্করের শারীরিক অবস্থার কথা জানতে তাঁর সঙ্গে দেখা করতে চান। তাতেও রাজি হননি মুখ্যমন্ত্রী।
বিক্ষোভ মিছিল পারিক্করের বাংলোর ১০০ মিটারের আগেই আটকে দেয় পুলিশ। একই জায়গায় দাঁড়িয়েই বিক্ষোভ দেখান একাধিক অ-বিজেপি রাজনৈতিক দল সহ বেশ কয়েকটি সমাজসেবী সংগঠন।
অবশ্য, বিক্ষোভ মিছিলের নিন্দায় সরব বিজেপি।প্রতিবাদে ট্যুইটার ঝড় তুলেছেন বিজেপি নেতারা। পারিকরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল-কে ‘অমানবিক’ বলছেন তাঁরা। পাল্টা গোয়ার শিবসেনা চিফ জীতেশ কামাত জানান, ‘পারিক্কর সুস্থ হয়ে উঠুক, আমরা সেটাই চাই।তবে এই পরিস্থিতিতে রাজ্যে নতুন মুখ্যমন্ত্রীর প্রয়োজন।’
এক মাস আগেই বিজেপির অন্দরেই পারিক্করকে অসুস্থতার কারণে সরিয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়েছিল।পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিশ্বজিৎ প্রতাপ সিংয়ের নামও উঠে আসে। তবে গোয়ার বিক্ষোভ মিছিল বিজেপিকে ফের ভাবাবে কি না, সেই নিয়ে জল্পনা তুঙ্গে।

Be the first to comment