দুরন্ত গতিতে বাইক চালাতে চালাতেই ক্য়ামেরায় ক্লিক। গতির সঙ্গে সেলফিকে মিলিয়ে দিতে গিয়েই বাইক উল্টে সটান সেতুর নীচে দুই আরোহী। শুক্রবার সকালে এই দুর্ঘটনার পর দিল্লির ‘সিগনেচার ব্রিজ’-এ পৌঁছেছে পুলিশবাহিনী।
শীতের আমেজে দিল্লিবাসীকে যমুনা বিহারের মজা দিতেই এই নতুন সেতুর ভাবনা। সেতুর উপর যেমন রয়েছে নিজস্বী তোলার জায়গা, তেমনই পায়ে হেঁটেই গোটা নদীটা চষে ফেলার সুযোগ। গত ৪ নভেম্বর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে দিল্লির এই নতুন ‘সিগনেচার ব্রিজ’। কিন্তু উদ্বোধনের পরই একটার পর একটা ছন্দপতন। কিছুদিন আগেই সেতুর উপর দাঁড়িয়ে এক রূপান্তরকামীর ‘স্ট্রিপ’ করার ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। তা ছাড়া গাড়ি পার্কিং ও ট্রাফিকের সমস্যা তো রয়েছেই। এ বার ঘটল বাইক দুর্ঘটনা।
পুলিশ জানিয়েছে, এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ বাইক ছুটিয়ে সেতু পার হচ্ছিলেন দুই যুবক। দুরন্ত গতিতে চলছিল তাঁদের বাইক। ফিল্মি কায়দায় বাইক ছোটানোর মাঝেই সেলফি তুলতে শুরু করেন আরোহী। তাতেই ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চলে যায় সেতুর একেবারে ধারে। ডিভাইডারে ধাক্কা খেয়ে লাফিয়ে উঠে রেলিংয়ে আটকে যায় বাইক। ছিটকে নীচে পড়ে যান দুই যুবক।
দেহ উদ্ধার হলেও যুবকদের এখনও সনাক্ত করা যায়নি বলেই জানিয়েছে পুলিশ। ভারতের প্রথম ‘অ্যাসিমেট্রিক্যাল কেবল স্টেইড’ প্রযুক্তিতে তৈরি সেতুটি ৬৭৫ মিটার দীর্ঘ এবং ৩৫.২ মিটার প্রশস্ত। সেতুর প্রধান যে থামটি রয়েছে, তার উচ্চতা ১৫৪ মিটার। তার উপরের অংশের চারিদিক কাচ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সেতুতে রয়েছে লিফটও। উপর থেকে গোটা শহরের সৌন্দর্য উপভোগ করা যাবে। এই ঘটনার পর সেতুকে ঘিরে সতর্কতা আরও বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Be the first to comment