রোজদিন ডেস্ক : নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতা এবং নির্ধারিত নিয়মাবলীর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখেছেন অভিষেক। চিঠিতে তৃণমূল সাংসদের স্পষ্ট দাবি, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং বিচারবিভাগীয় নির্দেশিকা মেনে চলতে অবিলম্বে সংশোধনমূলক পদক্ষেপ নিতে হবে। কমিশনকে লেখা চিঠিতে মূলত চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা হল
১) প্রতিদিনের সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ভোটারদের চূড়ান্ত ভোটার তালিকার অংশ হিসেবে গণ্য করা হবে কিনা, সেই বিষয়ে কোনও স্পষ্ট বিজ্ঞপ্তি নেই।
২) প্রতিদিনের সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি সংক্রান্ত তথ্য প্রকাশের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা হচ্ছে না।
৩) স্বচ্ছতার যথেষ্ট অভাব রয়েছে, কারণ দাবি ও আপত্তির বিষয়ে বিচারবিভাগীয় কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্তগুলি জনসমক্ষে আনা হচ্ছে না।
৪) কোনও ভোটারের নাম কেন বাতিল করা হয়েছে, তার স্বপক্ষে কোনও যুক্তিযুক্ত আদেশ নেই; যা ভোটারদের আইনি প্রতিকার পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করছে।

Be the first to comment