রোজদিন ডেস্ক : বীরভূম থেকে ‘ভাষা আন্দোলন’ শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ বেড়েই চলেছে দিনের পর দিন।
এ বার সামনে এল আরও বড় অভিযোগ। ভারতীয় পরিচয় পত্র, জন্ম সার্টিফিকেট-এ লেখা বাংলা ভাষাকে ‘বাংলাদেশী ভাষা’ বলল দিল্লি পুলিশ। বঙ্গ ভবনে পাঠানো দিল্লি পুলিশের একটি চিঠির প্রতিলিপি তুলে ধরে এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডলে সমালোচনা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

লোধি কলোনি পুলিশ স্টেশনের তরফে বঙ্গ ভবনের অফিসার ইনচার্জকে চিঠিটি পাঠানো হয়েছে। বেশ কিছু ডকুমেন্ট হিন্দি এবং ইংরেজিতে ট্রান্সলেট করে দিতে বলা হয়েছে। দিল্লি পুলিশের দাবি, সেই ডকুমেন্ট-এ যাবতীয় তথ্য নাকি ‘বাংলাদেশী’ ভাষায় লেখা হয়েছে।
বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘কোনও ভুল নয় — এটি একটি ইচ্ছাকৃত অপমান, পরিকল্পিত চক্রান্ত, যেখানে সংবিধানে স্বীকৃত এবং ধ্রুপদী ভাষার মধ্যে অন্যতম একটি ভাষাকে পরিচয়হীন করে দেওয়া হচ্ছে এবং কোটি কোটি বাংলাভাষী ভারতবাসীকে নিজেদের দেশেই বহিরাগত হিসেবে তুলে ধরার অপচেষ্টা চলছে।’ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার আর্জি জানানো হয়েছে।
বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘এটি কেবল একটি সাধারণ ভুল নয়, এটি বাংলাকে অপমান করার, আমাদের সাংস্কৃতিক পরিচয়কে ক্ষুন্ন করার এবং সংকীর্ণ রাজনৈতিক প্রচারের জন্য পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে তুলনা করার বিজেপির আরেকটি পরিকল্পিত প্রচেষ্টা।’

Be the first to comment