রোজদিন ডেস্ক : সাত বছরে ৬.৫ লক্ষ কোটি টাকা কর এখান থেকে নিয়ে যাওয়ার পরও বাংলা তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে, হলে মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে কেন্দ্রকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বাজেট ভাষণে কেন্দ্রের মিথ্যাচারও সামনে আনলেন অভিষেক। এদিন, লোকসভায় কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণ নাগরিক থেকে কৃষক, প্রত্যেকেই এই বাজেটে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন তিনি। দীর্ঘ বক্তব্যে তিনি মনে করিয়ে দেন আমেরিকা ও ভারতের বাণিজ্য চুক্তির কথাও। বলেন, এই আমেরিকার সঙ্গে চুক্তিতে ভারতীয় কৃষকরা আরও বেশি কোণঠাসা হয়ে পড়বেন। তিনি বলেন, আমি এমন এক ভারত থেকে এসেছি, যেখানে অর্থমন্ত্রী সগর্বে বলেন যে, ভারতীয় অর্থনীতির উত্থান গোটা বিশ্বে দ্রুততম। আমি এমন এক ভারত থেকেও এসেছি, যেখানে গত সাত বছরে ৬.৫ লক্ষ কোটি টাকা কর দেওয়ার পরেও বাংলাকে তার ন্যায্য বকেয়া থেকে বঞ্চিত করা হচ্ছে। আমি এমন এক ভারতের বাসিন্দা, যারা ম্যাক্সিমাম গভর্ন্যান্স, মিনিমাম গভর্নমেন্ট-এর বড়াই করে। আবার আমি এমন এক ভারত থেকেও এসেছি, যেখানে গরিব মানুষকে একটা রুটি, একটা কাপড় আর মাথার উপর ছাদের জন্য লড়াই করতে হয়। বাজেটের জবাবি ভাষণের মঞ্চকে হাতিয়ার করে বাংলার বকেয়া নিয়েও সরব হন অভিষেক। তিনি বললেন, আমরা একদিকে নিজেদের বিশ্বগুরু বলে দাবি করি, অন্যদিকে বাংলার ১০ কোটি মানুষকে নিজেদের প্রাপ্য করের ভাগ থেকে বঞ্চিত করছি। আজও বাংলার ১ লক্ষ কোটি টাকার বেশি বকেয়া আছে।শুধু টাকা নয়, এটা সম্মানেরও প্রশ্ন। তাঁর অভিযোগ, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার মানুষ ১০০ দিনের রোজগার পাচ্ছেন না।

Be the first to comment