রোজদিন ডেস্ক : বুধবার লোকসভায় ১৩০ তম সংবিধান সংশোধনী বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বিল পেশ ঘিরে উত্তাল সংসদ থেকে গোটা দেশ। বিতর্কিত বিলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। বিরোধীদের বিক্ষোভের জেরে লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে গিয়েছে।
এই বিলের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন কার্যত চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ‘বিজেপির লক্ষ্য এই বিল এনে রাজনৈতিক ভাবে বিরোধীদের শূন্য করা। বিজেপির লক্ষ্য সঠিক হলে হিমন্ত বিশ্বশর্মা, শুভেন্দু অধিকারী এদের একটা সমন অন্তত পাঠানো হোক। এরা ধোয়া তুলসিপাতা হয়ে গেল। আপনাদের অভিপ্রায় ঠিক থাকলে আমরা সই করব, ৩০দিন নয় ১৫ দিন করুন। তাতে সমর্থন করব। যা করছেন তাহলে দেশে আদালত রাখার দরকার নেই।’

এদিন তিনি বলেন ‘ওরা গায়ের জোরে সংবিধান সংশোধন করতে চায়। ভাবুন ওদের হাতে ৪০০ সাংসদ থাকলে কী হত? মানুষ আজ রুখে দিয়েছে। SIR থেকে নজর ঘোরানোর মরিয়া প্রচেষ্টা। আমাদের প্রশ্নের উত্তর এড়িয়ে নিপুণ ভাবে এটা করার চেষ্টা করেছে। ওয়েলে নেমে আমরা সরব হয়েছি। আমাদের কারণেই লোকসভা স্থগিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ২০ জন মার্শাল নিয়ে কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস করতে হয়েছে’।
অভিষেকের দাবি, ‘৫৮৯২ কেস ইডি তদন্ত করেছে, মাত্র ৮ কেসে শাস্তি হয়েছে গত ১০ বছরের পরিসংখ্যান এটা। এটা সংসদে দেওয়া কেন্দ্রের পরিসংখ্যান। তার মানে ৯৯% কেস রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের ২৮ জনের কেস রয়েছে। এর মধ্যে ১৯ জনের খুনের অভিযোগ রয়েছে।’

Be the first to comment