রোজদিন ডেস্ক :
শিলিগুড়ির উত্তরকন্যায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম বৈঠকে দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলি নিয়ে আলোচনা হয়েছে ও তা সমাধানের জন্য একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি হয়েছে। বৈঠকের পর বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ একথা জানান। বলেন, মুখ্যমন্ত্রী প্রতিটি দফতরের স্বচ্ছতা বজায় রাখা ও প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের জন্য বিশেষ নির্দেশ দিয়েছেন।
বিশেষত সরকারি পরিকাঠামো উন্নয়নের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা সঠিকভাবে কার্যকর করাই এখন প্রশাসনের প্রধান কাজ।
উত্তরবঙ্গের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
শঙ্কর ঘোষ আরও বলেন, প্রাক্তন সরকার প্রশাসনিক বৈঠকের নামে উত্তরকন্যায় নাট্য চর্চা হোত, এই সরকার সিদ্ধান্ত নিয়েছে দশটি এমন প্রাথমিক প্রশাসনিক বৈঠক করবে। উন্নয়ন যে কোন বিচ্ছিন্ন বিষয় নয়, এটি একটি সমন্বিত প্রক্রিয়া।
সরকারি প্রকল্পের সুফল যেন প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছয়, এটি সব থেকে বড় বিষয়। মধ্যস্বত্বভোগীদের এখানে কোনও জায়গা নেই। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসাবে শিলিগুড়ির পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে জানান।
মুখ্যমন্ত্রী আজ প্রশাসনিক বৈঠকের পর কলকাতা ফিরে আসেন। পরে শঙ্কর ঘোষ ও সাংসদ রাজু বিস্তা সাংবাদিক দের এই সব জানান।
সূত্রের খবর দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে মুখ্যমন্ত্রী উত্তর বঙ্গের বিভিন্ন সমস্যা গুরুত্ব দিয়ে শোনেন ও তা সমাধানে গুরুত্ব দেন।

Be the first to comment