রোজদিন ডেস্ক : নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পরই নবান্নে জরুরি বৈঠক সারলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। নবান্ন সূত্রে খবর, জেলাশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন পুলিশ কমিশনারেটের কর্তাদের নিয়ে ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্রের দাবি, নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য প্রশাসনের বৈঠকে যে নির্দেশ ও পর্যবেক্ষণ সামনে এসেছে, সেগুলি নিয়েই মূলত আলোচনা করেন মুখ্যসচিব। যদিও প্রশাসনিক মহল এই বৈঠককে রুটিন বৈঠক বলেই দেখছে। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মুখ্যসচিবকে বিস্তারিত রিপোর্ট দেওয়া প্রথা, সেই সূত্রেই এই বৈঠক ডাকা হয় বলে জানা গিয়েছে। বৈঠকে জেলার নির্বাচনী প্রস্তুতি, আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশনের তরফে বেআইনি অস্ত্র, মদ এবং বেআইনি অর্থ লেনদেনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে দাবি, নির্বাচন কমিশনের তরফে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সতর্ক করে বলা হয়েছে, দ্রুত এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এর প্রেক্ষিতেই কমিশনের নির্দেশগুলি ঠিক কী এবং সেই অনুযায়ী প্রশাসন কী ব্যবস্থা নেবে, তা জানতে চেয়েছেন মুখ্যসচিব।

Be the first to comment