রোজদিন ডেস্ক : বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের চার ও বিজেপির এক প্রার্থী। সোমবার বিধানসভায় তাঁদের হাতে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয়। নির্বাচিত প্রার্থীদের মধ্যে তৃণমূলের রাজীব কুমার, বাবুল সুপ্রিয় এবং কোয়েল মল্লিক সরাসরি উপস্থিত থেকে বিধানসভার সচিব তথা রিটার্নিং অফিসারের কাছ থেকে শংসাপত্র গ্রহণ করেন। তৃণমূলের চতুর্থ প্রার্থী, আইনজীবী মেনকা গুরুস্বামী অবশ্য সুপ্রিম কোর্টে মামলার কাজে ব্যস্ত থাকায় কলকাতায় ছিলেন না। তাঁর হয়ে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বিধানসভার সচিবের কাছ থেকে শংসাপত্রটি গ্রহণ করেন।



বিজেপির জয়ী প্রার্থী রাহুল সিনহাও শংসাপত্র গ্রহণ করেন। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সুব্রত বক্সি, সাকেত গোখলে ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এর সঙ্গে সিপিআইএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যের মেয়াদ আগামী ২ এপ্রিল শেষ হচ্ছে। পাশাপাশি তৃণমূলের আর এক সাংসদ মৌসম নূর রাজ্যসভা থেকে আগেই ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। ফলে ওই আসনটি আপাতত শূন্যই ছিল। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ থেকে নতুন ৫ জন সাংসদের মেয়াদ শুরু হবে এপ্রিল মাসের গোড়া থেকে। রাজ্যসভা নির্বাচনে মোট পাঁচটি আসনের জন্য মনোনয়ন জমা পড়েছিল পাঁচজনেরই। ফলে কোনও ভোটাভুটির আর প্রয়োজন হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁরা ৫জনই নির্বাচিত হলেন।

Be the first to comment