রোজদিন ডেস্ক : কলকাতায় দলের সংকল্প পত্র (ইস্তাহার) প্রকাশ করার পর খড়্গপুরে দলীয় প্রার্থী দিলীপ ঘোষ-সহ জেলার প্রার্থীদের সমর্থনে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের রোড শো-এ আজ মানুষের ঢল নামে। পথের দু-দিকে তাঁকে দেখতে বহু মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলেন। তাঁকে দেখে আনন্দে উদ্বেল হয়ে জনতা জয় ধ্বনি দেন। পতাকা আন্দোলিত করে তাঁকে স্বাগত জানান। এতে খুশি অমিত শাহ। জয় শ্রীরাম ধ্বনিতে খড়্গপুরের আকাশ বাতাস ভরে ওঠে।

মুখ্যমন্ত্রী রাজ্যে অনুপ্রবেশকারীদের রক্ষা করছেন অভিযোগ করে অমিত শাহ জানিয়ে দেন, বিজেপি জয়ী হলে বেআইনি অনুপ্রবেশকারীদের বার করে দেওয়া হবে। রাজ্যের পাহাড় প্রমাণ দুর্নীতি, কাটমানি সংস্কৃতি চলছে বলে তোপ দাগেন।
বর্ণময় এই শোভাযাত্রায় ঢাক বাদ্য, গেরুয়া পতাকার সমাহারের পাশে দুপাশের বাড়ি থেকে তাঁদের ওপর পুষ্প বৃষ্টিও করা হয়। যা নিয়ে রীতিমত আপ্লুত অমিত শাহ ও বিজেপি নেতারা।
রবিবার ফের রাজ্যে আসছেন তিনি। এবার গন্তব্য বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি অঞ্চল।

Be the first to comment