আনন্দপুর, রাজপথ-সহ সর্বত্র ক্ষোভের প্রকাশ

Spread the love

রোজদিন ডেস্ক : আনন্দপুরের নাজিরাবাদের মর্মস্পর্শী অগ্নিকান্ডর প্রতিবাদে মুখর হল রাজপথ, ওই এলাকা-সহ রাজ্যের বিভিন্ন এলাকা।
বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী এই ঘটনায় রাজ্য সরকারকে দূষে বলেন, এই সরকার অপরাধীদের সরকার।
এদের মদতেই ওখানে জলাজমি ভরাট করে নানা কাজ হচ্ছে বলে তোপ দাগেন।
এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাস আজ আনন্দপুরে যান৷ পরিস্থিতি দেখে মর্মাহত শ্রমিক নেতা বলেন, গুদামে বাইরে থেকে তালা দেওয়া ছিল শোনা যাচ্ছে। কেন তা ছিল? কে বা কারা তালা দিল প্রশ্ন তোলেন তিনি। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেন৷ তাঁর সঙ্গে নদ পাত্র, শ্যামল রাম, সজল দাস ছিলেন, কিন্তু পুলিশ তাঁদের বাধা দেয়৷ অনেক বাদবিতন্ডার পর অশোক দাস গিয়ে পরিস্থিতি দেখে জানান, এখানে অনেকের মৃত্যু হয়েছে। মর্মান্তিকভাবে প্রাণ হারানো পরিবার পিছু ৫০ লক্ষ টাকা দেওয়ার দাবিও জানান তাঁরা।

অন্যদিকে শিক্ষা নিয়ে এসএফআই-এর বিকাশ ভবন অভিযানেও গুরুত্ব পায় আনন্দপুর। এসএফআই নেতা দেবাঞ্জন দেব, প্রণয় কার্য্যী প্রমুখ দাবি করেন, নাজিরাবাদের মর্মান্তিক ঘটনায় নিহতদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব সরকারকেই নিতে হবে। তাঁরা রাজ্যের শিক্ষা পরিস্থিতির সার্বিক হাল নিয়ে ক্ষোভ উগরে দেন।
বিজেপি বিধায়ক অশোক দিন্দা শুক্রবার আনন্দপুরে নিখোঁজ সাতাশ জনের তালিকা নরেন্দ্র পুর থানায় জমা দেন। তিনিও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, জলাজমি ভরাটের সিন্ডিকেট খুলে কোটি কোটি টাকার মুনাফা হচ্ছে ওখানে। কোন গাড়ি যাওয়ার রাস্তাও নেই, অথচ হাজার হাজার মানুষ ওখানে কাজ করেন। তিনিও এই ঘটনার উপযুক্ত তদন্ত দাবি করেন। প্রয়োজনে নরেন্দ্রপুর থানা ঘেরাওর হুঁশিয়ারি দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*