বিউটি চাঁদ :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর রাজ্যে ‘অন্নপূর্ণা দিবস’ (Annapurna Divas) হিসেবে পালন করা হবে। রাজ্যের সমস্ত জেলাতেই অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধাপ্রাপকদের নিয়ে এই দিনটি পালন করা হবে বলে শনিবার ভবানীপুরের একটি অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিভিন্ন জেলায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে মহিলাদের বিক্ষোভের মধ্যেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা। তাঁর আশ্বাস, আরও ২৫ থেকে ৩০ লক্ষ মহিলা যদি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হন, তাহলে তাঁদেরও আর্থিক সহায়তার আওতায় আনার ব্যবস্থা করবে রাজ্য সরকার।
গত দু’দিন ধরে রাজ্যের একাধিক জেলায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে মহিলাদের বিক্ষোভের ছবি সামনে এসেছে। শুক্রবার এ নিয়ে অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছিলেন, বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেসের ইন্ধনে এই বিক্ষোভ হচ্ছে। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরেও আনা হবে বলে জানিয়েছিলেন তিনি।

শনিবার ভবানীপুরের অনুষ্ঠানে সেই প্রসঙ্গ টেনে বিরোধীদের নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ধমক-চমক দিয়ে, রিল বানিয়ে, মিডিয়া ট্রায়াল করে, ২০-২৫ জনকে রাস্তায় নামিয়ে হেরে যাওয়া তৃণমূল… আপনাদের এসব কোনও বুদ্ধি চলবে না।”
অন্নপূর্ণা যোজনার টাকা বণ্টনের প্রক্রিয়া নিয়েও বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ৩১ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন, তাঁদের অনেকেরই আবেদন বর্তমানে যাচাই করা হচ্ছে। যাচাই-পর্ব চলাকালীনও যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রীর দাবি, “এ মাসে ১ কোটি ৪৫ লক্ষ মানুষকে টাকা দিয়েছি।” পাশাপাশি তিনি আশ্বাস দেন, যাঁরা সামান্য ভাতার উপর নির্ভরশীল এবং প্রকল্পের জন্য যোগ্য, তাঁদের মধ্যে আরও ২০ থেকে ৩০ লক্ষ মহিলাকে আর্থিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে।
ফলে একদিকে অন্নপূর্ণা যোজনার সুবিধা নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ, অন্যদিকে আরও যোগ্য মহিলাকে প্রকল্পের আওতায় আনার আশ্বাস—এই দুই বিষয়কে ঘিরেই শনিবারের ভবানীপুরের অনুষ্ঠান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

Be the first to comment