রোজদিন ডেস্ক, কলকাতা:-ভরসন্ধ্যায় বাংলায় ফের শুটআউট। তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি দুষ্কৃতীদের। এই হামলায় আহত হয়েছেন তৃণমূল নেতা বিকাশ সিং ও তাঁর বন্ধু সন্তু। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরে। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাঁদের নিয়ে যাওয়া হয়েছে সাগর দত্ত হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন দুই যুবক। ভরসন্ধ্যায় ব্যস্ত রাস্তায় এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলঘরিয়ার ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুরে এলাকার একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা সিংয়ের ঘনিষ্ঠ এই বিকাশ সিং। সেই সময় বাইকে করে এসে বিকাশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পরপর তিন রাউন্ড গুলি ছোড়া হয়। বিকাশের কোমরে গুলি লাগে। অন্য একটি গুলি লাগে তাঁর পাশে বসে থাকা সন্তুর হাতে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তাঁরা। ওই অবস্থায় শূন্যে গুলি ছুড়ে বাইকে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। হামলার পর তড়িঘড়ি বিকাশ ও সন্তুকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন ওই দুই তৃণমূল নেতা। এলাকায় যথেষ্ট দাপট রয়েছে তাঁর। ইতিমধ্যেই কে বা কারা তাঁকে হত্যার চেষ্টা করল তাঁর তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই হামলা চালানো হয়েছে।

Be the first to comment