রোজদিন ডেস্ক, কলকাতা:- আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলার এক নতুন নক্ষত্র মালদহের তরুণ তিরন্দাজ জুয়েল সরকার। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি স্টেজ-২ প্রতিযোগিতায় রুপোর পদক জিতেছে সে। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে পুরুষদের রিকার্ভ ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্সে রুপো জিতেছে সে।
এই অসাধারণ সাফল্যের জন্য জুয়েল সরকারকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “জুয়েল সরকার আজ আর্চারি এশিয়া কাপ স্টেজ ২-এ রুপোর পদক জিতেছেন। এটা অত্যন্ত গর্বের মুহূর্ত। পুরুষদের রিকার্ভ দলের সদস্য জুয়েলকে অভিনন্দন। তাঁর পরিবার এবং কোচেদেরও অভিনন্দন।”
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য থেকে এশিয়া কাপে একমাত্র জুয়েলই ভারতের মূল দলে সুযোগ পায়। তার এই যাত্রার পিছনে রয়েছে দীর্ঘ প্রস্তুতি ও কঠিন প্রতিযোগিতামূলক ট্রায়াল প্রক্রিয়া। আর্চারি অ্যাকাডেমি সূত্রে জানা গেছে, গত ২২ মে থেকে ২৫ মে পুণের আর্মি স্পোর্টস ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ স্টেজ-২ ও ওয়ার্ল্ড আর্চারি ইউথ প্রতিযোগিতার ট্রায়াল। সেখানেই জুয়েল সরকার দুর্দান্তভাবে ১৯৮৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন এবং জাতীয় দলের জন্য নির্বাচিত হয়।

Be the first to comment