রোজদিন ডেস্ক : আগামী ৯ এপ্রিল দুই রাজ্য অসম ও কেরালা, এবং কেন্দ্র শাসিত পুদুচেরিতে এক দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তামিলনাড়ুতে এক দফায় ২৩ এপ্রিল ভোটগ্রহণ হবে। একমাত্র পশ্চিমবঙ্গে দু-দফায় ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল ভোটগ্রহণ হবে।
আজ বিকেলে কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার চার রাজ্য ও এক কেন্দ্র শাসিত অঞ্চলের এই নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা করেন। সব রাজ্যের ফলাফল ঘোষণা হবে ৪ মে।
আজ তাঁর সাংবাদিক বৈঠকে প্রশ্নোত্তর পর্বের মূল প্রশ্নাবলীই ছিল পশ্চিমবঙ্গ কেন্দ্রিক।
গত কয়েক বছর এই রাজ্যে সব থেকে বেশি দফায় ভোট গ্রহণ হলেও এবার কেন দু-দফা, এই প্রশ্নে সিইসি জ্ঞানেশ কুমার বলেন, কম দফায় ভোট গ্রহণ সুবিধাজনক বলে কমিশন মনে করে।
এবারের নির্বাচনে এসআইআর এক প্রধান বিষয় হয়ে ওঠে। অসম ছাড়া অন্য রাজ্যে তা হলেও এই রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকায় ৬০ লক্ষ মানুষের নাম বিবেচনাধীন থাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়।
শীর্ষ আদালতের নির্দেশে এই বিষয়ে নিষ্পত্তির দ্রুত চেষ্টা হলেও এখনও কয়েক লক্ষর নাম বিবেচনাধীনই থেকে গেছে।
আজ সাংবাদিক বৈঠকে এই বিষয়ে প্রশ্নে জ্ঞানেশ কুমার বলেন, শীর্ষ আদালতের নির্দেশে উচ্চ আদালতের তত্বাবধানে বিচারপতিরা এই কাজ করছেন। অতিরিক্ত তালিকা প্রকাশিত হলে সেই নামগুলি ও বর্তমান ভোটার তালিকায় যুক্ত হবে।
আজ নির্বাচন ঘোষণার মাত্র কিছু আগে বকেয়া ডিএ ও পুরোহিত – মোয়াজ্জেমদের ভাতা বৃদ্ধি নিয়ে দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই ছাড়া তামিলনাড়ুতেও কয়েকদিন আগে মহিলাদের পাঁচ হাজার টাকা দেওয়ার ঘোষণা করে রাজ্য সরকার।
পৃথকভাবে আনা এই দুটি প্রশ্নেই সিইসি জানান, আজ নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার সঙ্গে ভোটমুখি রাজ্যগুলিতে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গেল। এর আগে অবধি সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি সিদ্ধান্ত নিতেই পারে।
এবারের নির্বাচন অবাধ, নিরপেক্ষ, হিংসা মুক্ত করাই তাঁদের মুল লক্ষ্য বলে জ্ঞানেশ কুমার জানিয়েছেন। এই সঙ্গে ডিপ ফেক অর্থাৎ ভূয়ো তথ্য, ভূয়ো ভিডিও ইত্যাদি নিয়েও তিনি কড়া বার্তা দেন। বলেন, এই বিষয়ে নোডাল আধিকারিকরা নজর রাখবেন। এই ধরনের ভূয়ো তথ্য ও ভিডিও সমাজ মাধ্যম থেকে মুছে ফেলা ও প্রয়োজনে এফআইআর দায়েরের মত পদক্ষেপ ও নেওয়া হবে।

Be the first to comment