রোজদিন ডেস্ক :
দিল্লিতে বিরোধী ইন্ডিয়া জোটের কর্মসূচি নিয়ে রাজনৈতিক মহলে কৌতুহলের আবহে সাবেক তৃণমূল ও সিপিএমকে এক বন্ধনীতে রেখে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় দলের গণতন্ত্র বাঁচাও কর্মসূচি তে বক্তব্য রেখে প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল আমলের একের পর এক ঘটনা তুলে ধরে জানিয়ে দেন, এর সব হিসাব হবে। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময় বিজেপি প্রার্থী প্রণত টুডুর আক্রান্ত হওয়ার ঘটনার এফআইআর তলব করলেন মুখ্যমন্ত্রী। হুঙ্কার দিয়ে বললেন, যাঁরা ওই আক্রমণের ঘটনায় গ্রেফতার হয়নি, তাঁদের সবাইকে চুলের মুঠি ধরে জেলে ঢোকাবেন।
তিনি বিরোধী নেতা থাকাকালীন কিভাবে আক্রান্ত হতেন, তা ও তুলে ধরে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
সিপিএম-কে হুঁশিয়ারি দিয়ে বলেন, নন্দীগ্রামে “অপারেশন সূর্যোদয়ের ” ফাইলও খুলবেন৷
যাহা সিপিএম, তাহাই তৃণমূল বলে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, এখন আন্টি (মমতা ব্যানার্জি) ও বেবি (সিপিএম জাতীয় সম্পাদক) এক হয়ে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে!
সিপিএম নেতা তপন ঘোষের নাম করে জেলার এসপির উদ্দেশ্যে বলেন, তাঁকে তিনি জেলে দেখতে চান।
উল্লেখ্য, বাম আমলে দেশব্যাপী আলোড়ন তোলা ছোট আঙারিয়া কান্ডে অভিযুক্ত তপন ঘোষ, সুকুর আলি সিবিআই তদন্তে বেকসুর মুক্তি পান।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই বিষয়ে পালটা বলেন, হিম্মত থাকলে তপন-কে গ্রেফতার করুন, তাঁদের আমলের ফাইল খুলুন, তাঁরা বুঝে নেবেন।
মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন মন্তব্য করে তিনি বলেন, ওঁরা ভোট চুরি করে ক্ষমতায় এসেছেন!
প্রাক্তন মুখ্যমন্ত্রী ও লাল পতাকা থাকবে না বলেছিলেন, উনিও একই কথা বলছেন, তা হয়নি, এখন আবোল তাবোল বলছেন বলে সুজন চক্রবর্তী মন্তব্য করেন।

Be the first to comment