প্রতিবেদন: সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণ, শাস্তি ও এসআইআর প্রত্যাহারের দাবিতে রবিবার সকালে দিল্লির রামলীলা ময়দানে সমাবেশের ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রামলীলা ময়দানে জমায়েত হয়ে প্রতিবাদ জানাবে বিরোধীরা। এই সমাবেশে বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাবেশ যোগদানের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছেন নেত্রী। এই উপলক্ষে শনিবারই দিল্লি পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে দিল্লি গেলেও সমাবেশ নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি তৃণমূলনেত্রীর। রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের এই সমাবেশের ছাড়পত্র মিললেও কনট প্লেস থেকে মিন্টো রোড হয়ে মিছিল করার অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। ফলে রবিবারের কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে নতুন করে অনিশ্চয়তা। রামলীলার কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টায় কনট প্লেস-মিন্টো রোড সংযোগস্থল থেকে মিছিল শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেখান থেকে পদযাত্রা করে রামলীলা ময়দানে পৌঁছনোর কথা। শনিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গণ ইমপিচমেন্ট করতে মক পার্লামেন্টের আয়োজন করেছে ইন্ডিয়া জোট৷ পরিচালনা করেন লোকসভার অধ্যক্ষ মীরা কুমার৷ এদিনের বহু চর্চিত কর্মসূচিতে বিরোধী শিবিরের ২১টি দল অংশ নিয়েছে৷ এই মক পার্লামেন্টে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মিত্র, সাগরিকা ঘোষরা অংশ নিলেও যাননি মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment