সিবিআই মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অয়ন শীল

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বিশেষ সিবিআই আদালত থেকে জামিন পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অয়ন শীল। এর আগে গত ডিসেম্বরে ইডির মামলাতেও জামিন পান তিনি। শুক্রবার বিশেষ সিবিআই আদালতে জামিন পেলেও তিনি জেল থেকে ছাড়া পাচ্ছেন না।

তাঁর বিরুদ্ধে পুর নিয়োগ দুর্নীতির মামলা রয়েছে। তাই আপাতত অয়ন শীল জেলেই থাকবেন। জামিন পেলেও অয়ন শীলের উপর বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত। এক লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে। ২০২৩ সালের ২২ মার্চ অয়ন শীলকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর তাঁর বিরুদ্ধে পুর দুর্নীতিতে জড়িত থাকারও অভিযোগ ওঠে। তিনি নিয়োগ দুর্নীতি মামলায় আরেক অভিযুক্ত শান্তনু ঘোষের ঘনিষ্ঠ বলে দাবি তদন্তকারীদের।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি নিয়োগ দুর্নীতির মামলায় জামিন পেয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সিবিআই মামলায় শর্তসাপেক্ষে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। ইডি’র মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। তবে তাঁকে একাধিক শর্ত মানতে হবে। তাঁর উপর চলবে সিবিআই নজরদারিও।
গত বছরের ২৯ নভেম্বর প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সিবিআই মামলায় জামিন পান প্রাক্তন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে। তৃণমূলে এই প্রাক্তন যুব নেতার বিরুদ্ধে প্রাথমিকে চাকরি দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। তারও তিনদিন আগে ২৬ নভেম্বর ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তৃণমূলের আরও এক প্রাক্তন যুবনেতা হুগলির শান্তুনু বন্দ্যোপাধ্যায়। পাসপোর্ট জমা রাখা-সহ একাধিক শর্তে জামিন পেয়েছেন তিনি। এছাড়াও গত ১২ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। এবার জামিন পেলেন আরেক অভিযুক্ত অয়ন শীল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*