রোজদিন ডেস্ক : বাংলাদেশে নির্বসচন আসন্ন। তাকে ঘিরে সীমান্তের ওপারে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। তার আঁচ যাতে কোনওভাবেই সীমান্ত পেরিয়ে এই রাজ্যে বা দেশে ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যেই তৎপর হল বসিরহাট পুলিশ। মঙ্গলবার থেকে বসিরহাট জুড়ে একযোগে নাকা চেকিং শুরু হয়েছে। নিরাপত্তা বলয় আরও আঁটসাঁটো করছে পুলিশ। বাদুড়িয়া থানার লবঙ্গ এলাকা, ন্যাজাট থানার কানমারি, হাসনাবাদ থানার বনবিবি সেতু সংলগ্ন এলাকা ছাড়াও হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হেমনগর কোস্টাল ও বসিরহাট থানা-সহ একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলল তল্লাশি। বিভিন্ন প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে গাড়ি ও মোটরবাইক থামিয়ে কাগজপত্র পরীক্ষা করা হয়। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়, নজর রাখা হয় সীমান্তমুখী রাস্তাগুলিতেও। বিশেষ করে নদী ও স্থল দুই ধরনের সীমান্ত পথেই নজরদারি বাড়ানো হয়েছে, যাতে বেআইনি অনুপ্রবেশ, অস্ত্র বা নিষিদ্ধ সামগ্রীর পাচার এবং দুষ্কৃতীদের চলাচল আগেভাগেই রুখে দেওয়া যায়। পুলিশের একাংশ বিশেষ টিম নিয়ে তল্লাশি চালায়। প্রশাসনের তরফে বারবার জানানো হচ্ছে, এই ব্যবস্থা সাময়িক নয়। নির্বাচন চলাকালীন প্রয়োজন অনুযায়ী নজরদারি আরও বাড়ানো হবে। প্রশাসনের স্পষ্ট বার্তা, অশান্তির কোনও ছায়া যাতে এপারে না পড়ে, তার জন্য আগাম প্রস্তুতি এবং ধারাবাহিক তল্লাশি চলতে থাকবে। সাধারণ মানুষের সহযোগিতায় এই নিরাপত্তা বলয় আরও মজবুত হবে বলেই আশাবাদী জেলা পুলিশের কর্তারা।

Be the first to comment