রোজদিন ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ভোট সংক্রান্ত কাজের দায়িত্বে থাকা আধিকারিকদের বাধ্যতামূলক বদলি ও পোস্টিং নীতি দ্রুত কার্যকর করতে কঠোর নির্দেশ জারি করেছে। পশ্চিমবঙ্গ সহ ভোটমুখী পাঁচ রাজ্যে নির্বাচনী কাজে যুক্ত আধিকারিকদের ক্ষেত্রে নির্দিষ্ট বদলি নীতি দ্রুত প্রয়োগ করতে হবে বলে কমিশন জানিয়েছে। এই নীতি জেলা স্তরের প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি পুলিশ আধিকারিক, নির্বাচন দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন স্তরের আধিকারিক, এমনকি আবগারি দপ্তরের নির্দিষ্ট পদমর্যাদার আধিকারিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। এই বদলি সংক্রান্ত নির্দেশ কার্যকর করে তার পূর্ণাঙ্গ রিপোর্ট আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কমিশনকে পাঠাতে হবে। কমিশনের নির্দেশ অনুযায়ী, নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত কোনও আধিকারিক নিজের জেলায় বা দীর্ঘদিন ধরে একই জেলায় কর্মরত থাকলে তাঁকে সেখানে রাখা যাবে না। গত চার বছরের মধ্যে তিন বছর বা তার বেশি সময় এক জেলায় কর্মরত থাকলে ওই আধিকারিককে বদলি করতে হবে। আরও বলা হয়েছে, যেসব আধিকারিকের বিরুদ্ধে নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগ রয়েছে বা যাঁদের বিরুদ্ধে মামলা বিচারাধীন, তাঁদের কোনওভাবেই নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না। একইসঙ্গে, নির্বাচনের সঙ্গে যুক্ত প্রত্যেক আধিকারিককে ঘোষণা করতে হবে যে তিনি কোনও প্রার্থী বা রাজনৈতিক নেতার নিকট আত্মীয় নন এবং তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা বিচারাধীন নেই। অসম, কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও পুদুচেরির বর্তমান বিধানসভাগুলির মেয়াদ আগামী মে–জুন মাসের মধ্যে শেষ হচ্ছে। সেই কারণেই আগাম এই বদলি নীতি জারি করা হল।

Be the first to comment