রোজদিন ডেস্ক : পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার শেষ হল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআরের প্রথম পর্ব। গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এনুমারেশন ফর্ম বিতরণ, সংগ্রহ ও ডিজিটাইজেশনের প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। এখন মূলত জমা পড়া ফর্মের ক্রস চেকিংয়ের কাজ চলছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার রাত বারোটার পর থেকে বিএলও অ্যাপের মাধ্যমে আর কোনও নতুন ফর্ম আপলোড বা সংশোধন করা যাবে না, তবে জমা পড়া তথ্য যাচাইয়ের কাজ অব্যাহত থাকবে। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, রাজ্যে ৯৯ দশমিক ৯৬ শতাংশ ভোটারের এনুমারেশন ফর্ম ইতিমধ্যেই ডিজিটাইজ করা হয়েছে। অনুপস্থিত, মৃত, স্থানান্তরিত বা একাধিক জায়গায় তালিকাভুক্ত ভোটারের সংখ্যা ৫৮ লক্ষের বেশি বলে জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, এনুমারেশন পর্ব শেষ হলেও ঝাড়াই–বাছাইয়ের কাজ এখনও চলবে। আগামী ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। খসড়া তালিকা যাতে ত্রুটিমুক্ত হয়, সেই কারণে কমিশনের নির্দেশে বহুমুখী উপায়ে তথ্য যাচাই করা হচ্ছে। আধার কর্তৃপক্ষ ও জন্ম-মৃত্যু নিবন্ধন দফতর থেকে পাওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে জমা পড়া ফর্মগুলি। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা-সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৃত ভোটারদের তথ্য যাচাই করে তা ইতিমধ্যেই বিএলওদের হাতে তুলে দেওয়া হয়েছে। বিএলএ-২-দেরও ওই তালিকা সরবরাহের নির্দেশ দেওয়া হচ্ছে, যাতে কোনওভাবেই কোনও যোগ্য ভোটারের নাম ভুলবশত খসড়া তালিকা থেকে বাদ না পড়ে।

Be the first to comment