রমিত সরকার, কৃষ্ণনগর: অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার গভীর রাতে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে তারকনাথ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করে বিজেপি। কিন্তু ঘোষণার সঙ্গে সঙ্গেই সামনে আসে দলের অন্দরের অসন্তোষ। প্রার্থী বাছাই ঘিরে একাংশের ক্ষোভ দ্রুত বিক্ষোভে রূপ নেয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রার্থী ঘোষণার পর রাতেই বিজেপির কর্মী-সমর্থকদের একাংশ কৃষ্ণনগরের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। দলীয় পতাকা হাতে স্লোগান দিতে দিতে তারা প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এমনকি বিক্ষুব্ধদের একাংশ পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন বলেও অভিযোগ উঠেছে।
বিক্ষোভকারীদের বক্তব্য, প্রার্থী নির্ধারণে স্বচ্ছতার অভাব রয়েছে এবং স্থানীয় নেতৃত্বের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। তাঁদের অভিযোগ, জেলা নেতৃত্বের একাংশ অর্থের বিনিময়ে প্রার্থী ঠিক করেছেন। যদিও এই গুরুতর অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত জেলা নেতৃত্বের তরফে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
রবিবার সকালেও পরিস্থিতি থিতু হয়নি। দলীয় কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যান ক্ষুব্ধ কর্মীরা। দলের অন্দরের এই অশান্তি মেটাতে দ্রুত শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপের দাবি উঠেছে।

অন্যদিকে, প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন তারকনাথ চট্টোপাধ্যায়। রবিবার সকালে সিদ্ধেশ্বরী কালীবাড়িতে পুজো দিয়ে তিনি নির্বাচনী প্রচারের সূচনা করেন। তবে ভোটের আগে দলের ভিতরে এই কোন্দল বিজেপির সংগঠনে কতটা প্রভাব ফেলবে, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Be the first to comment