পরিযায়ী শ্রমিকদের পরিবারের মহিলাদের নিয়ে কুৎসিত ইঙ্গিত নন্দীগ্রামের বিজেপি নেতার

Spread the love

রোজদিন ডেস্ক : বিজেপি মহিলাদের সম্মান করে না। সেটা ফের প্রমাণ হল গদ্দার-ঘনিষ্ঠ নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পালের কুৎসিত বক্তব্যে। যা আপাতত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই ভিডিয়োয় বিজেপি নেতা প্রলয় পাল অত্যন্ত কুৎসিত ভঙ্গিতে ভিনরাজ্যে কর্মরত শ্রমিক পরিবারের মহিলাদের উদ্দেশ্য করে অশ্লীল ইঙ্গিত করেন। সেই সঙ্গে তিনি দিঘার জগন্নাথ ধামে যাওয়া বা উন্নয়নের পাঁচালির প্রচারে অংশ নেওয়া মহিলা কর্মীদের সম্পর্কেও খারাপ ইঙ্গিত করেন। প্রলয়ের এই কুরুচিকর ও মহিলাদের প্রতি অবমাননাকর মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। দলের তরফে বলা হয়েছে, আসলে বিজেপির ভারতে, যে-সকল মহিলা উন্নয়নের পাঁচালি পাঠে অংশ নেন বা দিঘার জগন্নাথ ধামে যান, তাঁদের সন্দেহের চোখে দেখা হয়। কারণ, বিজেপির দুনিয়ায় একজন মহিলার চরিত্র সব সময় প্রশ্নের মুখে থাকে এবং তাঁর শরীর সর্বদা পরীক্ষা, বিচার এবং প্রকাশ্যে অপমানের জন্য উন্মুক্ত!
তৃণমূল আরও বলেছে, বিজেপি আসলে চায়, মহিলারা তাঁদের সতীত্ব প্রমাণ করতে ‘অগ্নিপরীক্ষা’ দিক। এটা বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যে বয়ে চলা নারীবিদ্বেষী, পুরুষতান্ত্রিক, অতি-রক্ষণশীল এবং নারী-বিরোধী মানসিকতার নগ্নরূপ। একদিকে তাঁদের সরকার ‘বেটি বাঁচাও, নারী সুরক্ষা’র কথা বলে, আর পরক্ষণেই মহিলাদের সেই পিতৃতান্ত্রিক সমাজে নামিয়ে আনে, যেখানে নারী শরীরকে সর্বদা পরীক্ষা-নিরীক্ষা ও বিচারের টেবিলে রাখা যায়! বাংলা এই মধ্যযুগীয় বর্বরতাকে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছে। মহিলারা আমাদের রাজ্যের মেরুদণ্ড এবং ২০২৬-এ বাংলার মহিলারাই বিজেপির পতনের কারণ হবেন। যে মহিলাদের সম্ভ্রম কেড়ে পদদলিত করতে চাইছে বিজেপি, তারাই উৎখাত করবে এদের।
এই নিয়ে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বাংলার মেয়েদের বাংলার মায়েদের এটা চরম অপমান ও অসম্মান। আর সেটা করলেন খোদ রাজ্যের বিরোধী দলনেতার ঘনিষ্ঠ সহযোগী ও নন্দীগ্রাম ২ ব্লকের বাসিন্দা শুভেন্দু অধিকারীর ডান হাত প্রলয় পাল। এটা অত্যন্ত কুৎসিত ও নারীবিদ্বেষী মন্তব্য করেছেন ওই বিজেপি নেতা। কিছুদিন আগে নন্দীগ্রামের মহিলারা তৃণমূল নেতৃত্বের কাছে দিঘার জগন্নাথ ধাম দর্শন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এরপর তাঁদের দিঘায় জগন্নাথ ধাম দর্শন করানো হয়। ওই জগন্নাথ ধাম দর্শন নিয়েই এই ধরনের কুৎসিত মন্তব্য করেন বিজেপি নেতা। এতে মহিলা বিরোধী বিজেপির আসল চেহারা ফের সামনে চলে এল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*