রোজদিন ডেস্ক : রাজ্যে নির্বাচন যত এগিয়ে আসছে, তত বাড়ছে বিজেপির গোষ্ঠীকোন্দল। তার জেরেই শুক্রবার রাতে তুলকালাম মহেশতলায়। দলের সভার মাঝেই বিজেপি কর্মীর মুখে গরম চা ছোঁড়ার অভিযোগ উঠল দলের এক প্রাক্তন সভাপতির বিরুদ্ধে। প্রাক্তন সভাপতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিজেপি কর্মী। শুক্রবার রাতে দক্ষিণ মহেশতলায় ৬ নম্বর মণ্ডলের একটি বৈঠক চলছিল।বিজেপি কার্যালয়ে এই বৈঠক চলাকালীন প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দারের সঙ্গে দলের কর্মীদের একাংশের তীব্র বাদানুবাদ শুরু হয়। তর্কবিতর্ক থেকে ধাক্কাধাক্কি, তারপর বিতর্ক থেমেও যায়। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দার বৈঠক ছেড়ে বেরিয়েও যান। তারপরই ঘটে ওই গরম চা ছুঁড়ে দেওয়ার ঘটনা। বিজেপির আরেক প্রাক্তন জেলা সভাপতি বিজেপির প্রাক্তন বস্তি উন্নয়ন সেলের নেতা সঞ্জীব সেনকে লক্ষ্য করে গরম চা ছুঁড়ে দেন বলে অভিযোগ। গরম চা তাঁর ডান চোখে পড়ে। এই ঘটনায় তুমুল উত্তেজনা তৈরি হয় বিজেপির কার্যালয়ে। মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আক্রান্ত বিজেপি কর্মী মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনা খতিয়ে দেখছে। বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলায় দলের মধ্যে এই তুমুল বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির পর গরম চা ছোঁড়াছুঁড়ি। এই ঘটনায় রাজনৈতিক মহলে তৈরি হয়েছে উত্তেজনা।

Be the first to comment