‘আশি’-তে নতুন ভবনে ব্যতিক্রমী ‘পদার্পণ’ প্রেস ক্লাবের

Spread the love

রোজদিন ডেস্ক : দেখতে দেখতে আশিতে এসে পড়ল প্রেস ক্লাব কলকাতা। গত আট দশকে কলকাতা-তথা বাংলার অনেক রাজনৈতিক থেকে সামাজিক উত্থান, পতনের সাক্ষী ময়দানের এই তাঁবুটা। যার সুনাম ও খ্যাতি আজ শুধু বাংলা নয়, জাতীয় থেকে আন্তর্জাতিক আঙিনাতেও ছড়িয়ে রয়েছে। সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ এসেছেন বিভিন্ন সময়ে, আর মিশে গিয়েছেন এই মিলনমেলায়। ছেড়ে যেতে পারেননি, এই তাঁবু, এই লন, এই টান। এমনই এর ম্যাজিক! ফলে ধীরে ধীরে বেড়েছে ক্লাবের সদস্য। বেড়েছে ক্লাবের ব্যপ্তি। এমনই এক সময়ে যেটা সবচেয়ে বেশি যেটা জরুরি ছিল, সেটাই পেতে চলেছে প্রেস ক্লাব। ময়দানের চৌকাঠ পেরিয়ে কলকাতা প্রেস ক্লাব পেতে চলেছে তার দ্বিতীয় ডেরা। দক্ষিণ কলকাতার কসবায় গড়ে উঠছে ক্লাবের দ্বিতীয় ক্যাম্পাস। কিছুদিন আগেই সেই কর্মযজ্ঞ শুরু হয়েছিল আজ তা প্রায় শেষের দোরগোড়ায়।

গত বৃহস্পতিবার সেই ভবনেই ‘আশি’-র সেলিব্রেশন হয়ে গেল ক্লাবের। ওইদিন ক্লাব সদস্যরা মিলিত হয়েছিলেন নতুন ভবনে। ছিল ছোট্ট অথচ ব্যতিক্রমী অনুষ্ঠান ‘পদার্পণ’। আশি বছরে ক্লাবের প্রবীণ অশীতিপর ২৩ জন সদস্যকে ওইদিন সংবর্ধনা জানাল প্রেস ক্লাব। তাঁদের হাতে তুলে দেওয়া হল উত্তরীয়, মানপত্র ও স্মারক। অভিভূত উপস্থিত প্রবীণরা। তারপর সকলে মিলে ঘুরে দেখলেন নতুন ভবনের কাজ। বেশির ভাগ কাজই শেষ। সামান্য বাকি। সেটুকু শেষ হলেই সদস্যদের জন্য আনুষ্ঠানিক ভাবে খুলে দেওয়া হবে ক্লাবের দরজা। অপেক্ষা আর মাত্র কয়েক মাস। সুন্দর অনুষ্ঠানটি সদস্যদের উপহার দেওয়ার জন্য সবাই ক্লাবের বর্তমান পরিচালন কমিটির প্রশংসা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*