রমিত সরকার, রানাঘাট:
“বোনের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা”— এ বছর ভাইফোঁটার রীতি নতুন অর্থ পেল নদিয়ার রানাঘাটে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে, সমাজের বাস্তবতার চোখে তাকিয়ে, রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরি এবার আয়োজন করল এক অভিনব অনুষ্ঠান— ‘বোন ফোঁটা’। উদ্দেশ্য একটাই— নারী নিরাপত্তা ও সচেতন সমাজ গঠনের অঙ্গীকার।
বছরের পর বছর ধরে ভাইফোঁটার দিনে বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাঁদের মঙ্গল কামনা করে আসছেন। কিন্তু সমাজে দিন দিন বেড়ে চলা নারী নির্যাতনের ঘটনাগুলো সেই প্রথার আড়াল থেকে এক নতুন প্রশ্ন তুলছে— কেবল ভাইয়ের মঙ্গলই কেন? তাই এই ভাবনা থেকেই জন্ম নিয়েছে নতুন রীতি, যেখানে ভাইরাই বোনদের কপালে ফোঁটা দিয়ে তাঁদের সুরক্ষা ও সম্মানের প্রতিশ্রুতি দিলেন।

বৃহস্পতিবার রামনগর নবজাগরণ সংঘের পুজো প্রাঙ্গণে প্রায় ৫০ জন মহিলাকে ফোঁটা দেন ক্লাবের পুরুষ সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সমাজকর্মী, শিক্ষক, ও স্থানীয় মানুষজন। সবাই মিলে একসুরে বললেন— নারী সুরক্ষা কেবল সরকারের দায় নয়, সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্বও বটে।
ক্লাবের সম্পাদক সৌরভ মণ্ডল বলেন, “যে দেশে বোনদের ওপর নির্যাতনের খবর প্রায় প্রতিদিনই আসে, সেখানে শুধু ভাইয়ের জন্য প্রার্থনা নয়, বোনের নিরাপত্তার প্রতিশ্রুতিও জরুরি। এই ‘বোন ফোঁটা’ সেই ভাবনারই প্রতীক।”
অনুষ্ঠানের মূল বার্তা ছিল— নারী মানেই সম্মান, নারী মানেই শক্তি। সমাজে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করাই প্রকৃত ভ্রাতৃত্বের প্রমাণ।রানাঘাটের এই উদ্যোগ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকেই বলছেন, প্রথা বদলালেও আবেগ বদলায়নি— বরং আরও গভীর হয়েছে। যেখানে একসময় বোন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করত, এখন ভাইরা বলছে— “তুমি নিরাপদ থাকো, তুমি সম্মানিত থেকো।”
এই পরিবর্তনের মধ্যে লুকিয়ে আছে এক নতুন সামাজিক বার্তা— নারীর সুরক্ষাই সমাজের আসল মঙ্গল ফোঁটা।

Be the first to comment