রোজদিন ডেস্ক : ভারতের প্রাক্তন সাঁতারু ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনার পর অবশেষে উদ্ধার হল তাঁর অধিকাংশ পদক।পুলিশ জানিয়েছে, চুরি হওয়া ২৯৫টি পদক এবং তামা, কাঁসা, পেতলের সামগ্রী উদ্ধার হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত কৃষ্ণা চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
চুরি হওয়া পদক ফিরে পেয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন বুলা চৌধুরী। তিনি বলেন, “শুধু পদক নয়, এগুলো আমার আবেগের সঙ্গে জড়িয়ে আছে। ছয় বছর বয়স থেকে সাঁতার কাটছি, দেশ-বিদেশে বহু সম্মান পেয়েছি। চুরি হওয়ার দিন ভেঙে পড়েছিলাম। আমি মুখ্যসচিবকে জানিয়েছিলাম, মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করার কথা ভাবছিলাম। তার আগেই পুলিশ আমার পদক উদ্ধার করেছে। এত দ্রুত কাজ করবে, ভাবতেই পারিনি।”
তিনি আরোও জানান, রাষ্ট্রপতি প্রদত্ত পদ্মশ্রীর দুটি পদকের মধ্যে ছোট পদকটি এখনও পাওয়া যায়নি। তিনি সেটি খুঁজে দেখবেন বললেও পুলিশকে অনুরোধ করেছেন খোঁজ চালিয়ে যাওয়ার জন্য।
তবে দুঃখের বিষয়, এখনও খুঁজে পাওয়া যায়নি তাঁর প্রিয় পদ্মশ্রী পদক।
১৫ আগস্ট সকালে বুলা চৌধুরীর হুগলির দেবাইপুকুরের বাড়ি থেকে চুরির খবর পান পুলিশ। ঘটনাটি ঘিরে উদ্বেগ ছড়ায় গোটা রাজ্যে। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগীর নির্দেশে বিশেষ দল গঠন করা হয়। ফরেনসিক ও সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে শুরু হয় তদন্ত।

Be the first to comment