ইডেনে রিচাকে জমকালো সংবর্ধনা সিএবির, বঙ্গভূষণ সম্মান ও ডিএসপি পদে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : ভারতের সোনার মেয়ে তথা বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষকে শনিবার সন্ধ্যায় জমকালো সংবর্ধনা দিল সিএবি। ইডেন গার্ডেনে আয়োজিত এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন ঝুলন গোস্বামী, সৌরভ গঙ্গোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-সহ সিএবির শীর্ষকর্তারা। ছিলেন রিচার বাবা, মা ও জাতীয় দলের নির্বাচক শ্যামা সাউ। অনুষ্ঠানে সিএবির তরফে রিচার হাতে সোনার ব্যাট ও বল তুলে দেন মুখ্যমন্ত্রী।

সেই সঙ্গে ফাইনালে করা রিচার ৩৪ রানকে মনে রেখে তাকে ৩৪ লক্ষ টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়। সংবর্ধনার দ্বিতীয় দফায় রাজ্য সরকারের পক্ষ থেকে রিচাকে উত্তরীয় ও সোনার চেন পড়িয়ে সম্মান জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তাঁকে রাজ্যের অন্যতম সেরা সম্মান বঙ্গভূষণে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী। পুরস্কার হিসেবে ট্রফি ও চেক রিচার হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। বঙ্গভূষণ সম্মান এছাড়াও রিচাকে রাজ্য পুলিশের ডিএসপি পদের নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।

সংবর্ধনা সভায় মুখ্যমন্ত্রী বলেন, এটা ছিল আমাদের গর্বের দিন। রিচার কোচ, বন্ধু, পরিবার, নির্বাচক সবাইকে এরজন্য ধন্যবাদ জানান তিনি। নিজের বক্তব্যে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী থাকাকালীন বিভিন্ন ঘটনার কথাও এদিন উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভকে নিয়ে বলেন, আমি বিশ্বাস করি ও একদিন আইসিসির প্রেসিডেন্ট হবে। সংবর্ধনায় আপ্লুত রিচা বলেন, সব কিছুই স্বপ্নের মতো মনে হচ্ছে।

অনুষ্ঠানে সবাই আগামীদিনে রিচার আরও সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের শেষে ছিল আতসবাজির প্রদর্শনী। অভিনেত্রী মিমি চক্রবর্তীর গান দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*