রোজদিন ডেস্ক : দেশব্যাপী তোলপাড় তোলা উন্নাও গণধর্ষণ কান্ডে মূল অভিযুক্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের কারাদন্ড স্থগিত রাখার বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হল সিবিআই। তাদের দাবি, কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন কারাদন্ডের সাজা স্থগিত রাখা আইন বিরোধী। এর ফলে নির্যাতিতা ও তাঁর পরিবারের নিরাপত্তা বিপন্ন হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। সিবিআই এর বক্তব্য, দিল্লি আদালত আইন প্রয়োগে ভুল করেছে।
উন্নাও-এ নির্যাতিতা ও তাঁর মা আজ সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করে সেঙ্গারের জামিনের বিরোধিতা করে অভিযোগপত্র পেশ করেন।
পরে তিনি জানান, তাঁর মামলায় তদন্তকারী অফিসার যা করেছেন, এতে অন্য পক্ষ (নির্যাতনকারীরা) সুবিধা পাচ্ছে। তাঁর সাহস ভেঙে যাচ্ছে, এর পর তিনি মামলা লড়তে পারবেন কিনা সন্দেহ। সিবিআই এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। নির্যাতিতা বলেন, যদি সিবিআই তাঁর আইনজীবির পাশে থাকতো, তবে এই দিন দেখতে হোত না। এই মামলায় তবে তাঁরাই জয়ী হতেন, অপর পক্ষ হারতো।
নির্যাতিতার মা অভিযোগ করেন, আদালতের ভিতরে মূল অভিযুক্ত সেঙ্গারের কন্যার সঙ্গে তাঁরা তদন্তকারী অফিসারকে কথা বলতে দেখেছেন।
অন্যদিকে সিবিআই সেঙ্গারের জামিনের বিরোধিতা করে শীর্ষ আদালতে গেছে।
উন্নাও কান্ডে সেঙ্গারের জামিনের বিরোধিতায় আজও দিল্লিতে তুমুল বিক্ষোভ হয়। কংগ্রেসের মুমতাজ প্যাটেল, সমাজকর্মী যোগিতা ভায়না প্রমুখ সংসদের সামনে অবস্থান বিক্ষোভ করেন। পুলিশ আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে আটক করে।
নির্যাতিতা ও তাঁর পরিবার তদন্তকারী অফিসারের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করায় দেশব্যাপী সাড়া জাগানো এই মামলায় নতুন মাত্রা যোগ করেছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment