মাঠ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, অতিরিক্ত মাদক সেবনের সন্দেহ

Spread the love

নিজস্ব প্রতিনিধি, নদিয়া :  নদিয়া জেলার কালীর হাটে সাত সকালে একটি মাঠের ভিতর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম সাগর শেখ (২৭)। বাড়ি শান্তিপুরের পশু হাসপাতাল সংলগ্ন এলাকায়। কোতোয়ালি থানার অন্তর্গত কালিরহাট-শ্যামপুর এলাকার একটি মাঠে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের পাশ থেকে একটি টোটো ও একটি সিরিঞ্জ উদ্ধার হয়েছে। শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই বলে দাবি পুলিশের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত মাদক সেবনের কারণেই অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। যদিও মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সাগর পেশায় দিনমজুর ছিলেন। প্রায় তিন বছর আগে তাঁর বিয়ে হয়। পরিবারের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে একাধিকবার বকাঝকা করা হলেও কোনও পরিবর্তন হয়নি।

মৃতের কাকা রবিউল খান জানান, বৃহস্পতিবার কাজ থেকে ফিরে সাগর তাঁর বাবার টোটো নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। রাতে একাধিকবার ফোন করা হলেও মোবাইল বন্ধ পাওয়া যায়। শুক্রবার সকালে কোতোয়ালি থানার পুলিশ পরিবারের কাছে মৃত্যুর খবর দেয়।

সাগরের বাবা মোহর আলি শেখ বলেন, “সবাই বলছে আমার ছেলে নেশা করে মারা গেছে। ও মাঝে মাঝে নেশা করত।”
পুলিশ খতিয়ে দেখছে, বৃহস্পতিবার রাতে মাদক সেবনের সময় সাগরের সঙ্গে আর কেউ উপস্থিত ছিল কি না। পুরো বিষয়টি তদন্তাধীন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*