রোজদিন ডেস্ক : দেশের বিভিন্ন রাজ্যে ত্রাস সৃষ্টিকারী ডিজিটাল গ্রেফতার নিয়ে CBI কে তদন্তভার দিল শীর্ষ আদালত। আজ বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই নির্দেশ দেন। সাইবার অপরাধের অন্যতম এই ডিজিটাল গ্রেফতার নিয়ে দেশের আমজনতা ত্রস্ত। আচমকা ফোন করে তাঁদের ডিজিটাল গ্রেফতার এর ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে সাইবার দুষ্কৃতিরা। কোথায়, কখন, কে এই ভয়ংকর ফাঁদে পড়বেন, জানেন না। কিছু বুঝে ওঠার আগেই বেশির ভাগ মানুষের ব্যাঙ্ক থেকে বিপুল টাকা উধাও হয়ে যায়। ক্রমবর্ধমান এই অপরাধের ঘটনায় শীর্ষ আদালত উদবিগ্ন। সিবিআই-কে পুরো বিষয়টি তদন্ত করতে বলেছেন তাঁরা। এই বিষয়ে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে তাদের এলাকায় ডিজিটাল গ্রেফতার নিয়ে সব এফআইআর-সহ বিস্তারিত তথ্য সিবিআই-কে দিতে বলা হয়েছে।
সলিসিটর জেনারেল তথা সিবিআই-এর আইনজীবী তুষার মেহতা জানান, এই সব অপরাধের বেশিরভাগই থাইল্যান্ড, মায়ানমার ইত্যাদি দেশ থেকে হচ্ছে।
বিচারপতি সূর্যকান্ত বলেন, সারা দেশে এই অপরাধ হচ্ছে। কিভাবে এই তদন্ত হবে, সিবিআই-কে সেই বিষয়ে পরিকল্পনা করতে বলেন তাঁরা।
আগামী ৩ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।
উল্লেখ্য, বেশির ভাগ ক্ষেত্রে প্রবীণরা এই অপরাধের শিকার হন। এই সব নিয়ে উদবিগ্ন শীর্ষ আদালত।

Be the first to comment