রোজদিন ডেস্ক : এত কাণ্ডের পরও ফের প্রশ্নের মুখে সেই আরজি কর হাসপাতালে নারীদের নিরাপত্তা। এবার ধর্ষণের অভিযোগ উঠল ওই হাসপাতালেরই নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। অভিযোগ, হাসপাতালে চিকিৎসা করাতে আসা এক রোগীর মেয়েকে হোটেলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই জওয়ান। ধর্ষণের ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল করে ফের ধর্ষণ করা হয় ওই তরুণীকে। শেষপর্যন্ত সাহস করে লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযোগ পেতেই অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করেছে নারায়ণপুর থানা। মঙ্গলবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের এক কর্তা জানান, ধৃতের নাম পউরুল আহমেদ। তিনি বর্তমানে আরজি কর হাসপাতালের কর্মরত। তাঁকে গ্রেপ্তারের পর সিআইএসএফ কর্তৃপক্ষকে গোটা ঘটনা জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার বাড়ি নারায়ণপুর থানা এলাকায়। মা অসুস্থ। তাঁর চিকিৎসার জন্য তিনি নিয়মিত আরজি কর হাসপাতালে যাওয়া আসা করতেন। সেখানেই পরিচয় ওই জওয়ানের সঙ্গে। সাহায্যের নামে ওই তরুণীর মোবাইল নম্বরও নেয় জওয়ান। তারপর মাঝমধ্যেই ফোন করত অভিযুক্ত। তরুণীকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল সে। একদিন দেখা করার নামে চিনার পার্কের কাছে একটি হোটেলে তরুণীকে ডাকে। অভিযোগ, সেখানেই ধর্ষণ করে ওই জওয়ান। তুলে রাখে ভিডিয়ো। সেই ভিডিয়ো দেখিয়ে পরে ব্ল্যাকমেল ও ধর্ষণ, এমনকি মারধরও করা হয়। কয়েকদিন পর তরুণী পরিবারকে সব জানায়। গত ৮ জুন নারায়ণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ৯ জুন অভিযুক্ত জওয়ানকে গ্রেপ্তার করে পুলিশ। আপাতত পুলিশি হেফাজতে অভিযুক্ত। আজ, বুধবার তাঁকে ফের আদালতে পেশ করা হবে।

Be the first to comment