প্রতিবেদন : রাজ্যে পালাবদলের পর একের পর এক তৃণমূল পরিচালিত পুরসভাগুলি ভেঙে যাচ্ছে। এই আবহে এবার ইস্তফা দিলেন দমদম পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। ফলে দমদমের পুর বোর্ড ভাঙার এখন সময়ের অপেক্ষা। মঙ্গলবারই ইস্তফা দেন দমদম পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিংহ ও ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট। পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে নিজেদের ইস্তফাপত্র জমা দেন তাঁরা। ইস্তফা নিয়ে হরিন্দর সিং বলেন, পুরসভায় পর্যাপ্ত কর্মী নেই। মানুষ আসছেন, কিন্তু পরিষেবা দিতে পারছি না। কর্মীরাই তো কাজ করেন। অনেকদিন কর্মী নিয়োগ হচ্ছে না। মানুষের কাজ করতে পারছি না। কর্মীর অভাব থাকায় কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মীকে কাজের জন্য রাখা হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের নতুন নীতির কারণে তাঁদের দিয়েও আর কাজ করানো যাচ্ছে না। এরফলে থমকে গিয়েছে সব কাজ। এই পরিস্থিতিতে চেয়ারে বসে থাকা সম্ভব নয়। তাই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলাম। এই নিয়ে দলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Be the first to comment