রোজদিন ডেস্ক : আনন্দপুরের নাজিরাবাদের গোডাউনে অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। তবে এখনও অনেকে নিঁখোজ বলেই অভিযোগ হতভাগ্য পরিবারগুলির। এবার তাঁদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে গিয়ে প্রশাসনের তরফে ক্ষতিপূরণের ঘোষণা করেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এবার প্রত্যেক পরিবারের এক সদস্যকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বুধবার সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, কালকে আমাদের কিছু বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন। আমি ববি আর অরূপকে পাঠিয়েছিলাম। ওঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দিচ্ছি, মোমো এবং ডেকরেটর সংস্থাও ৫ লক্ষ টাকা করে দিচ্ছে। আর পুলিশকে আমি বলেছি, ওদের পরিবারের একজনকে সিভিকের চাকরি দিতে। প্রসঙ্গত, অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর মিলেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। ডেকরেটার্স গুদামের মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে বারুইপুর আদালত ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

Be the first to comment