রোজদিন ডেস্ক: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক গ্রুপ-ডি কর্মীদের নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখতে উদ্যোগী হল নবান্ন। কোন নিয়মে তাঁদের নিয়োগ করা হয়েছিল, সরকারি বিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা যাচাই করতেই সব দপ্তরের কাছে বিস্তারিত তথ্য তলব করা হয়েছে। আগামী ৬ নভেম্বরের মধ্যে নির্দিষ্ট প্রো ফর্মায় সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। নবান্ন সূত্রে খবর, বিগত সরকারের আমলে বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক গ্রুপ-ডি কর্মীদের নিয়োগে সরকারি নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা পরীক্ষা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সেই কারণে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে কর্মীদের নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি ও তথ্য নির্দিষ্ট ছকে পাঠাতে বলা হয়েছে। প্রথম পর্যায়ে সেচ দপ্তরের চুক্তিভিত্তিক গ্রুপ-ডি কর্মীদের নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখা হবে। বিশেষ করে ২০১১ সালের ১৬ সেপ্টেম্বর জারি হওয়া সরকারি নির্দেশিকার ৯, ১১ এবং ১৪ নম্বর ধারার বিধান অনুসারে নিয়োগ হয়েছিল কি না, তা যাচাই করা হবে। ওই ধারায় নিয়োগের পদ্ধতি, যোগ্যতা এবং প্রশাসনিক অনুমোদন সংক্রান্ত যে নিয়মাবলি রয়েছে, সেগুলি যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা পরীক্ষা করা হবে। তথ্য যাচাইয়ের মাধ্যমে বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগের একটি পূর্ণাঙ্গ চিত্র সামনে আসবে। কোথাও নিয়ম লঙ্ঘনের অভিযোগ বা প্রক্রিয়াগত ত্রুটি থাকলে, তার ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে

Be the first to comment