সিপিএমের বাংলা বাঁচাও যাত্রার সমাপ্তি, মানুষের ঢল দেখে উজ্জীবিত নেতারা

Spread the love

রোজদিন ডেস্ক : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে সিপিএমের বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচির আজ সমাপ্তি হল। কামারহাটির জনসভায় মানুষের ঢল দেখে উজ্জীবিত নেতারাও। যদিও আগামী বছর বিধানসভা নির্বাচনে গতবারের শূন্যের গেরো এবারও পার হওয়া যাবে কিনা তা নিয়ে তাঁরা নিজেরাই সন্দিহান।
আজ কামারহাটির ভিড়ে ঠাসা সভায় দলের তরুণ নেত্রী মীনাক্ষী মুখার্জি দৃপ্তকন্ঠে বলেন, গত বারের ইনসাফ যাত্রায় তাঁরা মানুষের মলিন মুখ দেখেছিলেন। অনুভব করেছিলেন ভিতরে তাঁদের তেজ আছে। এবার তাঁরা মানুষের চোখে সাহস দেখেছেন। রাজ্য ও কেন্দ্রের শাসক তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে রাগ দেখেছেন।এই বাংলা বাঁচবে বলে দৃঢ়কন্ঠে জানান তিনি। বলেন, সারা রাজ্যের মানুষ এই লড়াইয়ে একজোট হচ্ছেন।
এই রাজ্যে কারখানা, শিক্ষা প্রতিষ্ঠানের দাবিতে আন্দোলন হয়েছে জানিয়ে মীনাক্ষী মুখার্জি বলেন, এবার তাঁরা জল, জমি, জঙ্গল-কে রক্ষা করবেন।

এরা তাঁদের নদী, পাহাড়, জমি লুঠ করতে চাইছে। রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, উন্নয়নের পাঁচালি পড়ছেন?? অপরাধের পাঁচালি কে পড়বে? এত দুর্নীতির দায় কে নেবে? নারদ কান্ডে এখন পর্যন্ত কোন ব্যবস্থাই নেয়নি এথিক্স কমিটি। রাজ্যে তৃণমূলকে বাঁচিয়ে রাখতে ধর্মের নামে বিজেপি মানুষকে ভাগ করছে বলে তোপ দাগেন।
কেন্দ্র ও রাজ্য, দুই সরকারই বেকারদের ঠকিয়েছে বলে অভিযোগ করে তরুণ নেত্রী বলেন, মুখ্যমন্ত্রী বলছেন দুই কোটি চাকরি দিয়েছেন।যা মিথ্যা। অন্যদিকে শ্রমিককে শোষণ করতে শ্রম কোড চালু করেছে কেন্দ্র। দেশকে বিক্রি করে দেশ ভক্তির কথা বলছে বিজেপি!! টিএমসি-র সঙ্গে সেটিং-এর জন্য ভাইপো, অনুব্রত, জ্যোতিপ্রিয় প্রমুখ জেলের বাইরে। ছাব্বিশের নির্বাচন পেটের ভাত, হাতে কাজের দাবিতে হবে বলে জানান।আজ দলের উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক পলাশ দাস মীনাক্ষী মুখার্জি র হাতে এই দীর্ঘ যাত্রায় অংশ নেওয়া যাত্রীদের জন্য স্মারক তুলে দেন। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম যাত্রায় অংশ নেওয়া গাড়ির চালক দের স্মারক তুলে দেন।
গত মাসের শেষ দিকে শুরু হওয়া এই বাংলা বাঁচাও যাত্রা উত্তরবঙ্গের কোচবিহার থেকে সারা রাজ্য পরিক্রমা করেছে। দীর্ঘদিন পর লাল ঝান্ডার ঢেউ-এ উদ্দীপ্ত হয়েছেন বহু মানুষ। যা দেখে উদ্দীপিত হয়েছেন নেতারাও। এই যাত্রার প্রভাব আগামী বছরের ভোটের বাক্সে কতটা পড়বে তা সময়ই বলবে।
এবারের এই যাত্রায় মীনাক্ষী মুখার্জি, দীপ্সিতা ধর, শতরূপ ঘোষ, কলতান দাশগুপ্ত প্রমুখ তরুণ মুখদের গুরুত্ব দিয়েছে দল। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, আভাস রায় চৌধুরী, পলাশ দাস প্রমুখ নেতারাও বিভিন্ন সমাবেশে বক্তব্য রেখেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*