আগামী মাসে বাংলা বাঁচাও যাত্রা করবে সিপিএম

Spread the love

রোজদিন ডেস্ক : তৃণমূল ও বিজেপি উভয় পক্ষই ভুয়ো, মৃত ভোটারদের নাম তালিকায় রাখতে আগ্রহী। আজ এমনই অভিযোগ করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এই দুই দক্ষিণপন্থী দলের বিরুদ্ধে আমজনতাকে সচেতন করতে আগামী মাসে তাঁরা রাজ্যের উত্তর থেকে দক্ষিণ “বাংলা বাঁচাও যাত্রা ” করবেন বলে জানান।

রাজ্যে টিএমসি সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি সব ক্ষেত্রেই চরম অরাজকতা। দুর্নীতি চলছে। রাস্তাঘাটের পরিস্থিতি খুবই বেহাল। তাঁরা এই সবের প্রতিবাদ জারি রাখবেন।

আগামী কাল থেকে রাজ্যে এসআইআর শুরু নিয়ে সেলিম সাহেব বলেন, ভোটার তালিকা নির্ভুল, স্বচ্ছ, নিরপেক্ষ ভাবে হোক তাঁরা চান। এসআইআরের নামে মানুষকে ভয় দেখানো চলছে। তাঁরা রাজ্যের সর্বত্র ভোটার সহায়তা কেন্দ্র করবেন।

অনেক লড়াই-এর ফসল এই সার্বজনীন ভোটাধিকার। একে কোন ভাবেই সংকুচিত করা যাবে না। নাম না করে কেন্দ্র ও রাজ্যের  শাসককে নিশানা করে তিনি বলেন, কিন্তু কখনও কমিশনকে ব্যবহার করে, কখনও গুন্ডা ব্যবহার করে ভোটাধিকারের ওপর আক্রমণ নামানো হচ্ছে। তাঁরা এই বিষয়ে বিএলও-দের সতর্ক থাকার আর্জি জানাচ্ছেন।

আগামী ২৯ অক্টোবর বামফ্রন্ট রাজ্য নির্বাচন দফতরের সামনে নির্ভুল ভোটার তালিকার দাবিতে বিক্ষোভ দেখাবেন।

রাজ্যে একশো দিনের কাজ বন্ধের তাঁরা লাগাতার প্রতিবাদ, বিক্ষোভ করেছেন বলে মহম্মদ সেলিম জানান। আজ এই বিষয়ে শীর্ষ আদালতের রায়কে তিনি স্বাগত জানান। যাঁদের টাকা বাকি আছে, তা মেটাতেও অবিলম্বে একশো দিনের কাজ চালু করতে তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দাবি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*