শ্মশানে যাওয়ার পথ দখল, বিহারে পথেই দাহ করা হল দলিত মহিলাকে

Spread the love

রোজদিন ডেস্ক : বিহারে শ্মশানে যাওয়ার পথ দখল হয়ে যাওয়ার ফলে রাস্তাতেই দাহ করা হল দলিত মহিলাকে। মর্মন্তুদ এই ঘটনা হয় বৈশালীর গোরৌল থানার সোন্ধো আন্ধেরি গাচ্ছি চৌকে। যা সামনে আসতে স্তম্ভিত বিভিন্ন মহল। ৯১ বছর বয়েসের দলিত ঝাপি দেবির মৃত্যুর পর বৃহস্পতিবার তাঁর আত্মীয়রা তাঁকে শ্মশানে দাহ করতে যাচ্ছিলেন। কিন্তু শ্মশানে যাওয়ার রাস্তা দখল হয়ে যাওয়ার ফলে তাঁদের যেতে বাধা দেওয়া হয়। স্থানীয় দোকানদাররা ওই রাস্তা এমন ভাবে দখল করে রেখেছেন তাঁরা যেতে পারেননি। শেষ পর্যন্ত রাস্তাতেই ঝাপি দেবির শেষকৃত্য সম্পন্ন করেন তাঁরা। খবর পেয়ে গোরৌল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নীরব দর্শক হয়েছিল বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই পথ দখল হয়ে থাকায় তাঁরা খুবই অসুবিধার সম্মুখীন হন। বারবার প্রশাসনকে বলেও কোন লাভ হয়নি।

এই ঘটনায় বৈশালীর জেলা শাসক বর্ষা সিং মহুয়ার এসডিও-র নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছেন। এই বিষয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রকাশ।
ইতিমধ্যে গোরৌলের বিডিও, সার্কল অফিসার ও স্টেশন হাউস অফিসারের বেতন আটকে রাখা হয়েছে।
জেলাশাসক এই ঘটনা খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে বলেন, এই বিষয়ে তদন্তর নির্দেশ দেওয়া হয়েছে, রিপোর্ট পেলে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
বিহারের ডবল ইঞ্জিন সরকারের আমলে এই মর্মন্তুদ ঘটনায় স্তম্ভিত বিভিন্ন মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*