রোজদিন ডেস্ক : ডিএ দেওয়ার জন্য অতিরিক্ত সময় দেওয়া হোক। এই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে সময় চাইল রাজ্য সরকার। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে রাজ্য। হোলির ছুটির পরে ৯ মার্চ সোমবার খুলবে সুপ্রিম কোর্ট । এরপর হবে ডিএ মামলার শুনানি।এর আগে ডিএ মামলায় প্রথম কিস্তির ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এই মুহূর্তে তা দেওয়া সম্ভব নয় জানিয়ে নতুন করে শীর্ষ আদালতে আবেদন করল রাজ্য। সেই বকেয়া দেওয়ার জন্য আরও সময় চাইল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের এই আর্জিতে আসন্ন বিধানসভা নির্বাচনের কথাও উল্লেখ করা হয়েছে। আবেদনে রাজ্য উল্লেখ করেছে, আগামী ডিসেম্বর মাসের ৩১ তারিখের আগে ডিএ তারা দিতে পারছে না। এই আপিলে রাজ্য স্পষ্ট করেছে কত সংখ্যক সরকারি কর্মী রয়েছেন, কতজন পেনশনভোগী কর্মচারি রয়েছেন। যাঁদের নিয়োগ ২০১৬ সালের আগে, তাঁদের সার্ভিস বুক খুঁজে বার করতে অনেকটা সময় লাগবে। এখন দেখার পরবর্তী শুনানিতে কী রায় দেয় সুপ্রিম কোর্ট।

Be the first to comment